শিরোনাম

বিশ্বকাপে অন্তত ৩ ম্যাচ জিততে চান জ্যোতিরা

নিজস্ব প্রতিবেদক
বিশ্বকাপে অন্তত ৩ ম্যাচ জিততে চান জ্যোতিরা
সংবাদ সম্মেলনে নিগার সুলতানা জ্যোতি।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে আজ রবিবার রাতে দেশ ছাড়বে বাংলাদেশ দলের প্রথম বহর। তার আগে মিরপুরে সংবাদ সম্মেলনে কথা বলেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

এবার বিশ্বকাপের গ্রুপ পর্বে লর্ডসে একটি ম্যাচ খেলবে বাংলাদেশ। এ নিয়ে জ্যোতি বলেন, ‘লর্ডসে খেলার সুযোগ পেয়ে দল রোমাঞ্চিত। ছোটবেলা থেকে যখন আমরা ক্রিকেট খেলা শুরু করেছি বা দেখছি, কিছু বিখ্যাত মাঠ আছে বা ঐতিহাসিক স্থান আছে যেখানে খেলোয়াড়রা গিয়ে খেলতে চায়। আমাদেরও একই অনুভূতি, আমরাও খুশি যে আমাদের লর্ডসে খেলার একটা সুযোগ এসেছে।’

বিশ্বকাপে বাংলাদেশ নারী দল ২৫ ম্যাচ খেলে জয় পেয়েছে তিনটিতে। এবার সেই রেকর্ড বদলাতে মরিয়া নিগার সুলতানার দল। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, নেদারল্যান্ডসের মধ্যে তিনটি দলকে হারাতে চায় বাংলাদেশ।

অধিনায়ক বলেন, ‘ভারত এবং দক্ষিণ আফ্রিকার সঙ্গে আমাদের ম্যাচ জেতার অভিজ্ঞতা আছে। আমি মনে করি এবার আমরা যে গ্রুপে আছি, আমাদের সম্ভাব্য সবচেয়ে ভালো সুযোগ আছে যেন আমরা অন্তত তিনটা ম্যাচ জিততে পারি।’

বাংলাদেশ দলে এখন অনেক পারফর্মার আছে দাবি জ্যোতির, ‘দলের ভেতরে এখন অনেক পারফর্মার যোগ হয়েছে, যেটা আগে ছিল না। আগে দুয়েকটা প্লেয়ারের ওপর অনেক নির্ভরশীল ছিল দল। বিশ্বকাপের মতো মঞ্চে ভালো খেলতে চাই না শুধু, আমরা ম্যাচ জিততে চাই।’

/টিই/