শিরোনাম

উজবেকিস্তানের বিপক্ষে দাপুটে জয় কলম্বিয়ার

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
উজবেকিস্তানের বিপক্ষে দাপুটে জয় কলম্বিয়ার
উজবেকিস্তানের বিপক্ষে জয়ের পরে কলম্বিয়ার খেলোয়াড়দের উদযাপন।

বিশ্বকাপে নিজেদের অভিষেক ম্যাচে ঐতিহাসিক প্রথম গোলের দেখা পেলেও শেষ পর্যন্ত হার এড়াতে পারল না উজবেকিস্তান। লুইস দিয়াজদের আক্রমণাত্মক ফুটবলের সামনে রীতিমতো অসহায় আত্মসমর্পণ করে ৩-১ ব্যবধানে হেরেছে নবাগত দলটি। আর এ দাপুটে জয়ে লাতিন আমেরিকার পরাশক্তি কলম্বিয়া টুর্নামেন্টে দুর্দান্ত এক শুভসূচনা করল।

ম্যাচের শুরু থেকেই ঐতিহ্যবাহী লাতিন ছন্দে প্রতিপক্ষের রক্ষণে একের পর এক আক্রমণ চালাতে থাকে কলম্বিয়া। তবে উজবেক ডিফেন্ডারদের দৃঢ়তায় গোলের দেখা পেতে তাদের অপেক্ষা করতে হয় ম্যাচের ৪০তম মিনিট পর্যন্ত। এ সময় উইঙ্গার লুইস দিয়াজের চমৎকার পাস থেকে বল জালে জড়িয়ে কলম্বিয়াকে লিড এনে দেন দানিয়েল মুনিওজ। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে লাতিন দলটি।

বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে আক্রমণ বাড়াতে থাকে উজবেকিস্তান। সেই সুবাদে ম্যাচের ৬০তম মিনিটে কাঙ্ক্ষিত সমতাসূচক গোলের দেখা পায় তারা। দলের হয়ে ইতিহাস গড়া এই গোলটি করেন আববোসবেগ ফাইজুল্লায়েব। তবে নবাগতদের সেই স্বস্তি ও আনন্দ বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি কলম্বিয়া। সমতা ফেরার ঠিক ৫ মিনিট পর, অর্থাৎ ৬৫তম মিনিটে দলের পক্ষে দ্বিতীয় গোলটি করে দলকে আবারও এগিয়ে নেন লুইস দিয়াজ। আর ম্যাচের একদম অন্তিম মুহূর্তে জেমিনটন ক্যাম্পাজ কলম্বিয়ার হয়ে তৃতীয় গোলটি করলে ৩-১ ব্যবধানের বড় জয় নিশ্চিত হয় দলটির।

এ দাপুটে জয়ের ফলে গ্রুপ পর্বে নিজেদের অবস্থান অনেকটাই মজবুত করে নিল কলম্বিয়া। পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। অন্যদিকে, লড়াকু ফুটবল উপহার দিয়েও আসরের প্রথম ম্যাচে হেরে টেবিলের তলানিতে থাকতে হচ্ছে উজবেকিস্তানকে।

/এমএকে/