শিরোনাম

মোহামেডানে স্প্যানিশ চমক, নতুন কোচ ভারেলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
মোহামেডানে স্প্যানিশ চমক, নতুন কোচ ভারেলা
ফার্নান্দো সান্তিয়াগো ভারেলা

ঘরোয়া ফুটবলে দলবদলের বাজারে বড় চমক দেখিয়েছে মোহামেডান বসুন্ধরা কিংসের ডেরা থেকে একঝাঁক (৯ জন) তারকা ফুটবলারকে দলে ভিড়িয়ে। এবার কোচের দায়িত্ব দেওয়া হলো স্প্যানিশ ফার্নান্দো সান্তিয়াগো ভারেলার কাঁধে।

ভারতীয় ফুটবলে সাফল্যের সুবাস ছড়িয়েছেন ভারেলা। নিজেদের ক্লাব প্রাঙ্গনে মঙ্গলবার (১৮ আগস্ট) এক সংবাদ সম্মেলন করে এই তথ্য জানিয়েছেন ক্লাবের ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূইঁয়াসহ ক্লাবের অন্যান্য কর্মকর্তারা।

আর্জেন্টিনায় জন্ম নেওয়া ৫৩ বছর বয়সী ভারেলা মূলত স্প্যানিশ নাগরিক। তার আছে কোচিংয়ের সর্বোচ্চ ডিগ্রি ‘উয়েফা প্রো লাইসেন্স’। তবে সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছেন প্রতিবেশী দেশ ভারতের ঘরোয়া ফুটবলে সাফল্যের কারণে।

ভারতে ভারেলার কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। ২০১৮ সালে গোকুলাম কেরালার দায়িত্ব নিয়েই ক্লাবটিকে ‘কেরালা প্রিমিয়ার লিগ’ শিরোপা এনে দেন। পরে ‘ডুরান্ড কাপ’ ঘরে তোলে দলটি। এরপর ২০২০-২১ মৌসুমে চার্চিল ব্রাদার্সের ডাগআউটে দাঁড়ান এই কোচ। তার অধীনে ১৫ ম্যাচের ৮টিতে জয় ও ৫টিতে ড্র নিয়ে আই-লিগে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে চার্চিল। পরবর্তীতে তিনি এফসি বেঙ্গালুরু ইউনাইটেডের দায়িত্ব নেন এবং ২০২৩ সালে দলটিকে ‘স্ট্যাফোর্ড চ্যালেঞ্জ কাপ’ জেতান। বাংলাদেশে আসার আগে ভারতে তার সর্বশেষ ঠিকানা ছিল এসসি দি গোয়া।

বসুন্ধরা কিংস থেকে আসা খেলোয়াড়দের সমন্বয়ে মোহামেডানের এবারের স্কোয়াডটি বেশ ভারসাম্যপূর্ণ এবং শক্তিশালী।

/টিই/