সাফের ইতিহাসে প্রথমবারের মতো ভিএআর

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সাফের ইতিহাসে প্রথমবারের মতো ভিএআর
ভিএআর। ফাইল ছবি

সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবারের মতো ব্যবহার করা হবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)। চলমান সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল ও ফাইনালে থাকবে এই প্রযুক্তি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ)।

এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) ও আসিয়ান ফুটবল ফেডারেশনের (এএফএফ) সহযোগিতায় ভিএআর প্রযুক্তি চালু করা হচ্ছে এবারের সাফ টুর্নামেন্টে। স্পেনভিত্তিক ফিফা-স্বীকৃত প্রযুক্তি প্রতিষ্ঠান কোয়ালিটি এই কার্যক্রম পরিচালনা করবে।

টুর্নামেন্টে ব্যবহার করা হবে রিমোট ভিএআর পদ্ধতি। অর্থাৎ ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের সরাসরি ভিডিও ফুটেজ পাঠানো হবে থাইল্যান্ডের কেন্দ্রীয় ভিএআর অপারেশন হাবে। সেখানে দায়িত্বে থাকা প্রশিক্ষিত ভিডিও ম্যাচ কর্মকর্তারা ফুটেজ পর্যালোচনা করবেন। আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) নির্ধারিত ভিএআর প্রটোকল অনুসরণ করে তারা মাঠের রেফারিকে সহায়তা করবেন।

ভিএআর দলের পর্যবেক্ষণ ও সুপারিশ সরাসরি ঢাকায় থাকা ম্যাচ কর্মকর্তাদের কাছে পৌঁছে দেওয়া হবে। এ জন্য জাতীয় স্টেডিয়ামে স্থাপন করা হয়েছে রেফারি রিভিউ এরিয়া (আরআরএ) এবং টেকনিক্যাল অপারেশনস টিম এরিয়া মনিটর (টিওটিএএম)।

সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টেল এই উদ্যোগকে দক্ষিণ এশিয়ার ফুটবলের জন্য মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন।

/টিই/