শিরোনাম

যে কারণে মিসরকে জার্সি বদলাতে বললো ফিফা

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
যে কারণে মিসরকে জার্সি বদলাতে বললো ফিফা
মিসরের অধিনায়ক মোহামেদ সালাহ

এক যুগ পর বিশ্বকাপের মূল আসরে ফেরার আনন্দে নতুন জার্সি উন্মোচন করেছিল মিসর। তবে মিসরের জার্সির নকশা নিয়ে আপত্তি জানিয়ে তা পরিবর্তনের নির্দেশ দিয়েছে ফিফা। ফিফার আপত্তির মূল কারণ দুটি। মিসরের লোগোতে থাকা সাতটি তারকা এবং খেলোয়াড়দের নাম ও নম্বর লেখার জন্য ব্যবহৃত সোনালি রং।

আফ্রিকান ফুটবলের অন্যতম সফল দেশ মিসর। আফ্রিকান কাপ অব নেশনসে সর্বোচ্চ ৭বার শিরোপা জয়ের স্মারক হিসেবে জাতীয় দলের প্রতীকে সাতটি তারকা ব্যবহার করা হয়। তবে বিশ্বকাপের মঞ্চে সেই তারকাগুলো রাখতে পারছে না দেশটি।

ফিফার নিয়ম অনুযায়ী, জাতীয় দলের জার্সিতে থাকা তারকা শুধুমাত্র বিশ্বকাপ জয়ের প্রতীক হিসেবে ব্যবহৃত হতে পারে।

অন্যদিকে মিসরের সাত তারকা আফ্রিকান সাফল্যের প্রতিনিধিত্ব করলেও বিশ্বকাপের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। বিশ্বকাপ ইতিহাসে দলটি কখনো গ্রুপ পর্ব পেরোতে পারেনি তারা। ফলে ফিফার বিধি অনুযায়ী মিসর ফুটবল দলের বিশ্বকাপের জার্সি থেকে তারকাগুলো সরিয়ে ফেলতে হচ্ছে। ২০১৮ বিশ্বকাপেও একই কারণে তারকাবিহীন লোগো ব্যবহার করেছিল মিসর।

এদিকে ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান পুমা নান্দনিকতা বিবেচনায় মিসরের জার্সিতে সোনালি রং ব্যবহার করলেও ফিফার মতে, টেলিভিশন সম্প্রচার বা স্টেডিয়ামের আলোতে এটি স্পষ্ট দেখা যায় না। তাই নাম ও নম্বরের ক্ষেত্রে আরও দৃশ্যমান রং ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

/টিই/