শিরোনাম

‘অন্যরা যখন থেমে যায়, চ্যাম্পিয়নরা এগিয়ে চলে’

সিটিজেন স্পোর্টস ডেস্ক
‘অন্যরা যখন থেমে যায়, চ্যাম্পিয়নরা এগিয়ে চলে’

২২ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে আর্সেনাল। মিকেল আর্তেতার আগে কোচ হিসেবে গানার্সদের শিরোপা জিতিয়েছিলেন আর্সেন ওয়েঙ্গার। এবার শিরোপা নিশ্চিতের পর এক বার্তায় ওয়েঙ্গার জানিয়েছেন, সময়টা এখন আর্সেনালের।

আর্সেনালের দায়িত্বে ছিলেন টানা ২২ বছর। আর্সেন ওয়েঙ্গার যেন হয়ে উঠেছিলেন ক্লাবের পরিপূরক। তবে শেষটা ভালো হয়নি তার। সমর্থকদের ‘ওয়েঙ্গার আউট’ দাবির মুখে ৮ বছর আগে প্রিয় ক্লাবকে বিদায় বলেছিলেন তিনি।

আর্সেনাল ছাড়লেও সবসময়ই ক্লাবের পাশে ছিলেন ওয়েঙ্গার। মঙ্গলবার (১৯ মে) রাতে ম্যানচেস্টার সিটি নিজেদের ম্যাচে পয়েন্ট হারাতেই উল্লাসে মাতে নর্থ লন্ডন। ২০২৫-২৬ মৌসুমে আর্সেনাল ৩৭ ম্যাচে ৮২ পয়েন্টে শীর্ষে। সমান মাচে সিটির পয়েন্ট ৭৮। অর্থাৎ ৪ পয়েন্টের পার্থক্য। শেষ রাউন্ডে আর্সেনাল হারলে আর সিটি নিজেদের ম্যাচ জিতলেও এক পয়েন্টের পার্থক্য থেকে যাবে।

ওয়েঙ্গার বলেন, ‘তোমরা করে দেখিয়েছো! অন্যরা যখন থেমে যায়, চ্যাম্পিয়নরা তখন এগিয়ে চলে। সময়টা এখন তোমাদের। প্রতিটি মুহূর্ত উপভোগ করুক ক্লাবের সবাই।’

আর্সেনালের এমন জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাবেক ফুটবলাররাও। আর্সেনালের হয়ে ২ বার লিগ জেতা অ্যালান স্মিথ বলছেন, ‘এটা অবিশ্বাস্য এক মুহূর্ত। কয়েক মৌসুম ধরেই খুব কাছে চলে গিয়েছিল। শেষ পর্যন্ত শিরোপা জিতলো আর্সেনাল। কৃতিত্বটা আর্তেতা ও দলের সবাইকে দিতে হয়।’

সাবেক আর্সেনাল কিপার ডেভিড সিম্যান লিখেছেন, ‘প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন! কি অসাধারণ এক মুহূর্ত, অবিশ্বাস্য এক মৌসুম। শিরোপা জয়ের জন্য অপেক্ষায় কাটানো এই তিন মিনিট আমার জীবনের সেরা।’

/টিই/