শিরোনাম

পর্তুগালকে রুখে দিয়ে ডিআর কঙ্গোর চমক

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
পর্তুগালকে রুখে দিয়ে ডিআর কঙ্গোর চমক
ইওয়ান উইসার গোলে পর্তুগালের বিপক্ষে পয়েন্ট পেয়েছে ডিআর কঙ্গো

লিওনেল মেসি বিশ্বকাপের শুরুটা করেছেন হ্যাটট্রিক দিয়ে। তার মতো ষষ্ঠ বিশ্বকাপ খেলা ক্রিস্টিয়ানো রোনালদোও কিছু একটা করবেন এমন ভাবনাই হয়তো ছিল পর্তুগাল সমর্থক আর ফুটবলপ্রেমীদের মনে। তবে এদিন গোল পেলেন না রোনালদো। তার দলও পেলো না জয়।

উল্টো বিশ্বকাপে নিজেদের প্রথম গোলে প্রথম পয়েন্টও তুলে নিলো ডিআর কঙ্গো। ‘কে’ গ্রুপে পর্তুগাল ও কঙ্গোর ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

ডিআর কঙ্গোর বিপক্ষে ষষ্ঠ মিনিটেই পর্তুগালকে গোল এনে দিলেন জোয়াও নেভেস। পিএসজি মিডফিল্ডারের পর্তুগালের জার্সিতে এটি চতুর্থ গোল। নেতোর পাস থেকে গোলটি করেছেন নেভেস।

তবে প্রথামার্ধের যোগ করা সময়ে গোল শোধ দেয় ডিআর কঙ্গো। যোগ করা সময়ের ৫ মিনিটে ডান প্রান্ত থেকে উড়ে আসা ক্রসে হেডে গোল করেন ইওয়ান উইসা। ক্রসটি দেন আর্থার মাসুয়াকু। ৫২ বছর পর বিশ্বকাপে ফিরে প্রথম ম্যাচেই প্রথম গোল পেলো আফ্রিকার দেশটি।

দ্বিতীয়ার্ধে শুরু থেকেই গোল শোধে মরিয়া হয়ে ওঠে পর্তুগাল। ৫৫ মিনিটে দুর্দান্ত এক গোল করেছিলেন জোয়াও ক্যানসেলো। তবে অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। ৬৮ মিনিটে মাঠের ডানদিক থেকে বল নিয়ে বক্সে ঢুকে রোনালদোকে দেন কনসেসাও। রোনালদোর শট পোস্টের বাইরে দিয়ে যায়।

৭৪ মনিটে আবারও গোলের সুযোগ নষ্ট করেন রোনালদো। এরপর ধারাভাষ্যকার বলছিলেন, রোনালদোকে বক্সে খুব একটা কার্যকর দেখা যাচ্ছে না। ৭৭ মিনিটে কর্নার পেয়েছিল পর্তুগাল। তবে কর্নার সরাসরি কঙ্গোর গোলকিপার গ্রিপে নেন। দ্রুতই বল দেন নিজের খেলোয়াড়কে। পাল্টা আক্রমণ করে কঙ্গো। তবে বাকামবুর শট বারের উপর দিয়ে যায়।

পুরো ম্যাচে ৭৫ শতাংশ সময় বল দখলে রাখে পর্তুগাল। গোলের উদ্দেশ্যে শট নেয় ৭টি তবে লক্ষ্যে ছিল মাত্র একটি। কঙ্গোর ৮ শটের দুইটি লক্ষ্যে ছিল।

ম্যাচে পারফরম্যান্স ভালো না হলেও মাঠে নেমেই রেকর্ড গড়েছেন রোনালদো। টানা ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নেমে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির রেকর্ডে ভাগ বসালেন পর্তুগিজ মহাতারকা। ৪১ বছর ১৩২ দিন বয়সে পর্তুগাল একাদশের হয়ে খেলতে নেমে বিশ্বকাপের ইতিহাসে দলের একাদশের হয়ে মাঠে নামা সবচেয়ে বেশি বয়সী আউটফিল্ড খেলোয়াড়ও এখন রোনালদো। আগের রেকর্ডটি ছিল কানাডার আতিবা হাচিনসনের। ২০২২ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে ৩৯ বছর ২৯২ দিন বয়সে মাঠে নামেন সাবেক এ মিডফিল্ডার।

/টিই/