শিরোনাম

স্পেন যাওয়ার চেষ্টায় সাগরে প্রাণ হারালেন মরক্কোর ফুটবলার

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
স্পেন যাওয়ার চেষ্টায় সাগরে প্রাণ হারালেন মরক্কোর ফুটবলার
মরক্কোর নারী ফুটবলার ফাতেন বেন আমার এল আজিজি

স্পেনে গিয়ে নতুন জীবন শুরু করার স্বপ্ন ছিল মরক্কোর নারী ফুটবলার ফাতেন বেন আমার এল আজিজির। কিন্তু স্পেনের স্বায়ত্তশাসিত শহর সেউতায় পৌঁছানোর জন্য সাগরপথে সীমান্ত অতিক্রমের চেষ্টা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন ২০ বছর বয়সী ফুটবলার আজিজি।

মরক্কোর ক্রীড়াবিষয়ক ওয়েবসাইট আল বতোলা জানিয়েছে, সেউতায় প্রবেশের চেষ্টা করার সময় ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনায় মারা যান ফাতেন। পরে জানা যায়, সাগর পাড়ি দেওয়ার সময় প্রবল স্রোতে ভেসে গিয়ে তিনি ডুবে মারা যান।

এই মর্মান্তিক ঘটনা ঘটেছে মরক্কো ও স্পেনের স্বায়ত্তশাসিত শহর সেউতার সীমান্তে চলমান অভিবাসন সংকটের মধ্যে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, উন্নত জীবনের আশায় সাম্প্রতিক সময়ে হাজারো মানুষ সাগরপথে বা সীমান্ত অতিক্রম করে সেউতায় প্রবেশের চেষ্টা করছেন।

ফাতেন মরক্কোর ক্লাব মাগরেব অ্যাথলেটিক তেতোয়ানের নারী দলের মিডফিল্ডার ছিলেন। এর আগে তিনি মরক্কো অ্যাথলেটিক তানজিয়ারের হয়েও খেলেছেন।

মরক্কোর পেশাদার ফুটবলার ইউনিয়ন এক শোকবার্তায় ফাতেনের পরিবার, স্বজন, সতীর্থ এবং মাগরেব অ্যাথলেটিক তেতোয়ান ক্লাবের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

/টিই/