শিরোনাম

নিলামে রেকর্ড দামে বিক্রি হলো পেলের সেই জার্সি

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
নিলামে রেকর্ড দামে বিক্রি হলো পেলের সেই জার্সি
১৯৫৮ সালের বিশ্বকাপ ফাইনালে পেলের পরা জার্সিটি (বাঁয়ে) ও পেলে (ডানে)। কোলাজ: সিজেডএন টোয়েন্টিফোর

ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলের ১৯৫৮ সালের বিশ্বকাপ ফাইনালের জার্সিটি এবার নিলামে ইতিহাস সৃষ্টি করেছে। নিউইয়র্কের বিশ্বখ্যাত নিলামকারী প্রতিষ্ঠান সোথবির আয়োজনে জার্সিটি রেকর্ড ৪.৯ মিলিয়ন মার্কিন ডলারে (প্রায় ৫৭ কোটি টাকা) বিক্রি হয়েছে। পেলের ব্যবহৃত যেকোনো স্মারক বা নিদর্শনের মধ্যে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ দামে বিক্রির এক অনন্য রেকর্ড।

সোথবি জানিয়েছে, নিউইয়র্কে অনুষ্ঠিত এ জমকালো নিলামে জার্সিটি নিজের করে নিতে সংগ্রাহকদের মধ্যে রীতিমতো লড়াই শুরু হয়ে যায়। পাঁচজনেরও বেশি আগ্রহী ক্রেতার কাছ থেকে জার্সিটি কেনার জন্য মোট ১০টি দরপ্রস্তাব জমা পড়েছিল। মূলত ১৯৫৮ সালের সুইডেন বিশ্বকাপের ফাইনালে মাত্র ১৭ বছর বয়সে এ জার্সিটি গায়ে জড়িয়েই বিশ্ব ফুটবলে নিজের রাজকীয় আগমনী বার্তা দিয়েছিলেন পেলে। ঐতিহাসিক তাৎপর্যের কারণেই জার্সিটির দাম শেষ পর্যন্ত আকাশ ছুঁয়েছে।

২০২২ সালে পৃথিবীর মায়া কাটিয়ে চলে যাওয়া এডসন আরান্তেস দো নাসিমেন্তো ওরফে পেলের আন্তর্জাতিক ফুটবলে অভিষেক ঘটেছিল সতেরো বছর বয়সে। নিজের প্রথম বিশ্বকাপেই তিনি একের পর এক গোল করে বিশ্বকে তাক লাগিয়ে দেন। বিশেষ করে স্বাগতিক সুইডেনের বিপক্ষে ঐতিহাসিক ফাইনালে পেলের চমৎকার জোড়া গোলের ওপর ভর করে সুইডেনকে ৫-২ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো সোনালী বিশ্বকাপ ট্রফি জিতেছিল ব্রাজিল। বিশ্বমঞ্চের ফাইনালে গোল করা সর্বকনিষ্ঠ ফুটবলারের সেই দুর্দান্ত রেকর্ডটি আজও কেউ ভাঙতে পারেনি।

সোথবির ভাষ্যমতে, ১৯৫৮ সালের সেই রোমাঞ্চকর বিশ্বকাপ ফাইনালের মুহূর্তগুলো ক্রীড়া ইতিহাসের সবচেয়ে বেশি পুনর্মুদ্রিত ও জনপ্রিয় ছবির অন্যতম। আর সেই অবিস্মরণীয় কীর্তি গড়ার ঐতিহাসিক মুহূর্তে এ জার্সিটিই শোভা পাচ্ছিল পেলের গায়ে।

তবে সবচেয়ে মজার বিষয় হলো, আজ থেকে দুই দশক আগে ২০০৪ সালেও একবার নিলামে তোলা হয়েছিল এ জার্সিটি। সে সময় জার্সিটির দাম উঠেছিল মাত্র ৭০ হাজার ৫০৫ পাউন্ড, যা মার্কিন ডলারে প্রায় ১ লাখ ৫ হাজার ৬০০ ডলারের সমান। সময়ের পরিক্রমায় ফুটবল সম্রাটের স্মৃতিময় স্মারকের মূল্য যে কতটা আকাশছোঁয়া হয়ে উঠেছে এ নিলামই তার সবচেয়ে বড় প্রমাণ।

/এমএকে/