শিরোনাম

ফাইনালের দায়িত্বে আর্জেন্টিনা-সৌদি ম্যাচের সেই বিতর্কিত রেফারি

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ফাইনালের দায়িত্বে আর্জেন্টিনা-সৌদি ম্যাচের সেই বিতর্কিত রেফারি
২০২৬ বিশ্বকাপ ফাইনালে রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন স্লাভকো ভিনচিচ

বিশ্বকাপ ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে রবিবার (১৯ জুলাই) দিবাগত রাতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। শিরোপা নির্ধারণী ম্যাচটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন স্লোভেনিয়ার অভিজ্ঞ রেফারি স্লাভকো ভিনচিচ। তবে হাইভোল্টেজ ফাইনালের রেফারি নিশ্চিত হওয়ার পর থেকেই ফুটবলবিশ্বে শুরু হয়েছে নতুন গুঞ্জন, সামনে এসেছে মাঠ ও মাঠের বাইরের কিছু পুরনো বিতর্ক। আর্জেন্টাইন ক্রীড়া মাধ্যম টিওয়াইসি স্পোর্টস রেফারি নিয়োগের এ খবরটি নিশ্চিত করেছে।

আর্জেন্টাইন সমর্থকদের জন্য স্লাভকো ভিনচিচ নামটি খুব একটা স্বস্তিদায়ক নয়। ২০২২ কাতার বিশ্বকাপে সৌদি আরবের কাছে আর্জেন্টিনার সেই ঐতিহাসিক ২-১ গোলের ব্যবধানে হারের ম্যাচে রেফারির দায়িত্বে ছিলেন এ স্লোভেনিয়ান। কাকতালীয় বিষয় হলো, কাতার বিশ্বকাপের ওই অঘটনের পর আলবিসেলেস্তেরা আর কোনো আন্তর্জাতিক ম্যাচ হারেনি। ফলে, ফাইনালের গুরুত্বপূর্ণ মঞ্চে আবারও তাকে দেখে কিছুটা নড়েচড়ে বসছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

২০১০ সাল থেকে ফিফার আন্তর্জাতিক রেফারি হিসেবে দায়িত্ব পালন করা ৪৬ বছর বয়সী ভিনচিচ অবশ্য ইউরোপের অন্যতম অভিজ্ঞ রেফারি। ২০২৩ উয়েফা নেশনস লিগে স্পেন-ইতালি সেমিফাইনাল এবং ২০২৪ উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদ ও বরুসিয়া ডর্টমুন্ডের মধ্যকার হাইপ্রোফাইল ম্যাচ দুটি তিনি সাফল্যের সঙ্গে পরিচালনা করেছেন।

তবে মাঠের এ সাফল্যের চেয়েও ভিনচিচকে নিয়ে বেশি আলোচনা হচ্ছে তার জীবনের একটি অন্ধকার অধ্যায় ঘিরে। ২০২০ সালে বসনিয়া ও হার্জেগোভিনার একটি কটেজে মাদক, অস্ত্র ও পতিতাবৃত্তি চক্রের বিরুদ্ধে পুলিশের বড় অভিযানে আটক হয়েছিলেন তিনি। সেই অভিযানে বিপুল পরিমাণ কোকেন, আগ্নেয়াস্ত্র ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছিল। শুরু থেকেই অবশ্য নিজেকে নির্দোষ দাবি করা ভিনচিচ জানান, তিনি কেবল একটি মধ্যাহ্নভোজের আমন্ত্রণে সেখানে গিয়ে ভুল সময়ে ভুল জায়গায় ফেঁসে গিয়েছিলেন। পরবর্তীতে তার বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ মেলেনি এবং স্লোভেনিয়া ফুটবল ফেডারেশনও একে দুর্ভাগ্যজনক ভুল বোঝাবুঝি আখ্যা দিয়ে তার পাশে দাঁড়ায়।

সেই বিতর্ক পেছনে ফেলে আবারও বড় মঞ্চের লাইমলাইটে এসেছেন তিনি। ফাইনালে তার সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন স্বদেশি তোমাজ ক্লানচনিক ও আন্দ্রাজ কোভাচিচ। এছাড়া চতুর্থ রেফারি হিসেবে থাকবেন জর্ডানের আধহাম মাখাদমেহ। এখন দেখার বিষয়, বিশ্বমঞ্চের ফাইনালের চরম স্নায়ুচাপ সামলে মাঠের রেফারি হিসেবে কতটা সফল হতে পারেন বিতর্কিত এ রেফারি।

/এমএকে/