শিরোনাম

বিশ্বকাপ খেলে অবসর নেবেন নিউজিল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার

সিটিজেন স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপ খেলে অবসর নেবেন নিউজিল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার
নিউজিল্যান্ডের ক্রিকেটার সুজি বেটস। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পরিকল্পনা সাজিয়েছেন সুজি বেটস। উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপে দীর্ঘ ২০ বছরের ক্যারিয়ারের ইতি টানার ইচ্ছা নিউজিল্যান্ড কিংবদন্তির। আগামী জুনে ইংল্যান্ডে হবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর।

সবকিছু ঠিক থাকলে দলের সঙ্গী হবেন ৩৮ বছর বয়সী বেটস। আগামী বুধবার (২৯ এপ্রিল) বিশ্বকাপের দল ঘোষণা করার কথা নিউজিল্যান্ডের।

সুজি বেটস বলেন, ‘গত ২০ বছরের দিকে ফিরে তাকালে, আমার বিশ্বাস হয় না, সময় এতটা দ্রুত কেটে গেছে। ফার্ন (নিউ জিল্যান্ডের) জার্সিতে এতবার মাঠে নামতে পেরে খুব গর্বিত। এই দলের জন্য প্রতিদিন নিজেকে আরও ভালো মানুষ, সতীর্থ, ক্রিকেটার ও ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার প্রচেষ্টায় এক বিশাল লক্ষ্য ও আনন্দ খুঁজে পেয়েছি।’

নিজের অবসর নিয়ে বলেন, ‘আমার শেষ একটি অভিযান আছে- যুক্তরাজ্য যাওয়া, যেখানে আমার অনেক বিশেষ স্মৃতি রয়েছে এবং সেখানে আরেকটি বিশ্বকাপ জেতা। এই শেষ লড়াইয়ে সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করবো।’

২০০৩ সালে ১৫ বছর বয়সে ঘরোয়া ক্রিকেটে খেলা শুরু করেন বেটস। তিন বছর পর আন্তর্জাতিক আঙিনায় পথচলা শুরু হয়। এখন দেশের ক্রিকেটের কিংবদন্তি ক্রিকেটার।

নিউজিল্যান্ডের জার্সিতে ১৮১টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছেন বেটস। ওয়ানডেতে ১৩ সেঞ্চুরি ও ৩৭ ফিফটিত দেশের হয়ে সর্বোচ্চ ৫৯৬৪ রান করেছেন। সব মিলিয়ে ওয়ানডেতে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক এই ব্যাটার।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বেটসের রান ৪৭১৭, স্ট্রাইক রেট ১০৮.৫৬। নামের পাশে এক সেঞ্চুরির সঙ্গে ফিফটি ২৮টি। মেয়েদের ক্রিকেটে এই সংস্করণে চার হাজার রান আছে আর একজনের, স্মৃতি মান্ধানা ৪২৯৩। পেস বোলিংয়ে ওয়ানডেতে ৮৩ ও টি-টোয়েন্টিতে ৬২ উইকেট নিয়েছেন বেটস। ওয়ানডেতে ৯৩টি ক্যাচের রেকর্ড তার। টি-টোয়েন্টিতে তার ৯৬ ক্যাচ সর্বোচ্চ।

নিউজিল্যান্ডের হয়ে বাস্কেটবলও খেলেছেন বেটস। নিউজিল্যান্ডের বর্তমান অধিনায়ক অ্যামেলিয়া কারের মতে, বেটস ‘সবকালের সেরা ক্রিকেটারদের একজন।’

/টিই/