শিরোনাম

বাংলাদেশে ভারত সিরিজ হবে তো!

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
বাংলাদেশে ভারত সিরিজ হবে তো!
বাংলাদেশ-ভারত সিরিজ। ফাইল ছবি

২০২২ সালে সবশেষ বাংলাদেশ সফর করেছিল ভারতীয় ক্রিকেট দল। ২০২৪ সালে গণঅভ্যুত্থানে সরকার পতনের পর দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশের মাটিতে ভারতের সিরিজ কেবল পিছিয়েছে। আগামী সেপ্টেম্বরে সাদা বলের সিরিজ খেলতে ভারতীয় দলের ঢাকায় আসার কথা থাকলেও আবারও তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

এখন দেশ পরিচালনা করছে নির্বাচিত সরকার। তবে রাজনৈতিক পরিস্থিতির কারণে ভারত সিরিজ আয়োজনের সম্ভাবনা ক্রমেই কমে আসছে বলে জানিয়েছে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।

গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দলের কয়েকজন নেতা দিল্লি থেকে ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলন করেন। সেটিকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

বিসিবির সূত্রের মতে, ভারতকে সেপ্টেম্বরে বাংলাদেশে এনে সিরিজ আয়োজনের বিষয়টি কঠিন হয়ে দাঁড়িয়েছে। নাম প্রকাশ না করার শর্তে এক শীর্ষ বিসিবি কর্মকর্তা ক্রিকবাজকে জানিয়েছেন, ‘সাম্প্রতিক সব ঘটনাপ্রবাহের পর এখন আমি সিরিজটি নিয়ে সন্দিহান। সিরিজের বিষয়ে আমরা ওপাশ থেকে কোনো সাড়া পাবো বলে মনে হয় না। সত্যি বলতে সিরিজটি ২৮ আগস্টের মধ্যেই হওয়ার কথা ছিল। হাতে আর কতদিনই বা আছে?’

সিরিজটি পরিকল্পনা অনুযায়ী হবে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি জানান, আনুষ্ঠানিকভাবে সিরিজ বাতিল হওয়ার আগপর্যন্ত আশা হারাতে চায় না বিসিবি।

/টিই/