শিরোনাম

অজিদের হারিয়ে র‍্যাঙ্কিংয়ে বড় লাফ বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
অজিদের হারিয়ে র‍্যাঙ্কিংয়ে বড় লাফ বাংলাদেশের
অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের খেলোয়ারদের উল্লাস

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের সুফল পেল বাংলাদেশ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে থাকা অস্ট্রেলিয়াকে হারানোর পর আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ উন্নতি হয়েছে টাইগারদের। নবম স্থান থেকে উঠে বাংলাদেশের অবস্থান এখন ৬ষ্ঠ।

বুধবার (১৯ আগস্ট) আইসিসির সাপ্তাহিক হালনাগাদে নতুন র‍্যাঙ্কিং আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হওয়ার কথা রয়েছে।

ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের আগে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ৯ম স্থানে ছিল বাংলাদেশ। ঐতিহাসিক সেই জয়ের পর পাকিস্তান ও শ্রীলঙ্কাকে টপকে ৬ষ্ঠ স্থানে উঠে এসেছে নাজমুল হোসেন শান্তর দল। বর্তমানে টেস্ট র‍্যাঙ্কিংয়ে পঞ্চম স্থানে রয়েছে ইংল্যান্ড। যাদের রেটিং পয়েন্ট ৯৯।

অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় টেস্টের ফলাফল আরও পরিবর্তন আনতে পারে বাংলাদেশের রেটিং পয়েন্টে। দ্বিতীয় ম্যাচটি ড্র হলে ১-০ ব্যবধানে সিরিজ জিতবে বাংলাদেশ। সেক্ষেত্রে টাইগারদের রেটিং পয়েন্ট বেড়ে ৮০ হতে পারে। আর দ্বিতীয় টেস্টেও জয় পেয়ে সিরিজ ২-০ ব্যবধানে শেষ করতে পারলে রেটিং পয়েন্ট প্রায় ৮২-তে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

অবশ্য দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার কাছে হারলেও বাংলাদেশের ৬ষ্ঠ স্থান ধরে রাখার সম্ভাবনা রয়েছে। ওই পরিস্থিতিতে টাইগারদের রেটিং পয়েন্ট প্রায় ৮০-এর কাছাকাছি থাকতে পারে।

অন্যদিকে, দ্বিতীয় টেস্টের ফলাফল যা-ই হোক, র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রাখতে মরিয়া অস্ট্রেলিয়া। তবে বাংলাদেশের কাছে প্রথম টেস্টে হারের প্রভাব পড়বে তাদের রেটিংয়ে। ফলে দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার সঙ্গে অস্ট্রেলিয়ার ব্যবধান কমে প্রায় ৩ থেকে ৫ রেটিং পয়েন্টে নেমে আসতে পারে।

/এসবি/