মামলা দায়ের হয়েছে, সে তথ্য আপনার কাছে নেই: স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান মুক্তাদির

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
মামলা দায়ের হয়েছে, সে তথ্য আপনার কাছে নেই: স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান মুক্তাদির
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির

রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির।

রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের এক বক্তব্যের প্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করা এক ভিডিওতে এই তথ্য জানান তিনি।

সালমান মুক্তাদির বলেন, ভোর ৪টা পর্যন্ত এতোগুলো মানুষ নিয়ে ক্যান্টনমেন্ট থানায় বসে থেকে মামলা করে এলাম। স্বরাষ্ট্রমন্ত্রী জানেনও না যে, মামলা দায়ের করা হয়েছে। আপনার (স্বরাষ্ট্রমন্ত্রী) কাছে সেই তথ্যই নেই। আপনি (স্বরাষ্ট্রমন্ত্রী) কতটুকু বিচ্ছিন্ন আপনার দেশের নাগরিকদের সাথে, দেশের নাগরিকদের নিরাপত্তা প্রটোকল থেকে, তা এতেই স্পষ্ট।

তিনি বলেন, আপনার (স্বরাষ্ট্রমন্ত্রী) অধীনে প্রতিটি থানা ও প্রশাসন থাকা সত্ত্বেও আপনি জানেন না যে মামলা দায়ের করা হয়েছে। আপনি কি বিএনপির পিআর ক্রাইসিস ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়েছেন না কি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন?

ভিডিও বার্তায় সালমান বলেন, রাজনৈতিক পরিচয় নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই স্বরাষ্ট্রমন্ত্রীর মূল সাংবিধানিক দায়িত্ব।

তিনি বলেন, আমি কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হতে চাই না। আমি আওয়ামী লীগের আমল থেকে অন্যায় ও চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলেছি। অন্তর্বর্তী সরকারের সময় বলেছি এবং বর্তমান সরকার ক্ষমতায় থেকে নিরাপত্তার প্রতিশ্রুতি দেওয়ায় তাদের সময়েও কথা বলবো।

এর আগে, সচিবালয়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, সালমান মুক্তাদির কারও বিরুদ্ধে নির্দিষ্ট মামলা করেননি। তিনি বিএনপির বিরুদ্ধে ঢালাও অভিযোগ করেছেন। তবে নির্দিষ্ট অভিযোগ বা মামলা হলে সে অনুযায়ী তদন্ত করা হবে।

তিনি বলেন, পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সালমান মুক্তাদির ফেসবুক লাইভে এসে অভিযোগ করলেও এখন পর্যন্ত কোনো মামলা করেননি। এমনকি তিনি নিজেই বলেছেন, তার কাছে কেউ চাঁদা দাবি করেনি এবং চাঁদা চাইলে তিনি দিতেন। ফলে নির্দিষ্টভাবে কার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ রয়েছে, তা এখন পর্যন্ত চিহ্নিত করা যায়নি। তবে এই হামলার ঘটনায় তিনি ভিকটিম হয়েছেন– এটি পুলিশ প্রাথমিকভাবে দেখেছে।

সালাহউদ্দিন আহমেদ বলেন, বিএনপিকে চাঁদাবাজ দল হিসেবে যে ঢালাও অভিযোগ করা হয়েছে, তার সুনির্দিষ্ট কোনো ভিত্তি পাওয়া যায়নি। সালমান মুক্তাদির যদি চাঁদাবাজির বিষয়ে নির্দিষ্ট অভিযোগে মামলা করেন, তাহলে পুলিশ সেটি তদন্ত করে দেখবে।

তিনি বলেন, ঘটনাস্থল মানিকদী নামাপাড়া, যা ক্যান্টনমেন্ট থানার অন্তর্গত। সেখানে প্রায় ৩৫ শতাংশ জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে। এক পক্ষ একটি বিল্ডার প্রতিষ্ঠান এবং অন্য পক্ষ একজন অবসরপ্রাপ্ত সিনিয়র সামরিক কর্মকর্তা।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাথমিক তদন্তের তথ্য অনুযায়ী, ওই অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পক্ষে কিছু লোক রাতের অন্ধকারে জায়গাটি দখল করতে যায়। সেখানে ভাঙচুরের ঘটনাও ঘটে। ওই স্থাপনার মধ্যে সালমান মুক্তাদিরের একটি টিনশেড স্থাপনা ছিল, যেখানে সম্ভবত বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরির কাজ হতো। ওই স্থাপনাতেও বেশ কিছু ভাঙচুর হয়েছে।

তিনি বলেন, ঘটনাটি নিয়ে ইতোমধ্যে একটি প্রাথমিক তদন্ত হয়েছে। তবে বিষয়টির বিস্তারিত জানতে আরও তদন্ত প্রয়োজন বলে জানিয়েছে পুলিশ। সালমান মুক্তাদিরের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো মামলা করা হয়নি। তার ফেসবুক লাইভে দেওয়া বিভিন্ন বক্তব্যের কারণে ঘটনাটি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে।

সালাহউদ্দিন আহমেদ বলেন, এ ঘটনায় ৯৯৯-এ ফোন পাওয়ার পর ঘটনাস্থলে যায় পুলিশ। সেখান থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকে গুলির খোসা, কিছু দেশীয় অস্ত্রসহ বিভিন্ন আলামতও উদ্ধার করা হয়েছে।

/এসবি/