ওমরাহ করতে গিয়ে বাংলাদেশি নারীর মৃত্যু

রাজশাহী সংবাদদাতা
রাজশাহী সংবাদদাতা
ওমরাহ করতে গিয়ে বাংলাদেশি নারীর মৃত্যু
প্রতীকী ছবি

পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কায় জহুরা বেওয়া (৬৮) নামে এক বাংলাদেশি নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ সময় বিকাল ৪টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

জহুরা বেওয়া রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তহুরুল ইসলামের মা। তিনি মনিগ্রাম ইউনিয়নের পারশাওতা বিনোদপুর গ্রামের মুন্সি খলিল উদ্দিনের স্ত্রী।

পরিবার সূত্রে জানা গেছে, গত ৭ অক্টোবর ছেলে তহুরুল ইসলামের সঙ্গে ওমরাহ পালনের উদ্দেশে মক্কায় যান জহুরা। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে তার মৃত্যু হয়।

এ বিষয়ে অধ্যক্ষ তহুরুল ইসলাম বলেন, শনিবার বিকাল ৪টার দিকে মা মক্কায় মারা গেছেন। আমি মায়ের সঙ্গে পবিত্র ওমরাহ পালন করতে এসেছি। আগামী ২৩ অক্টোবর বাংলাদেশের নিজ গ্রামে ফেরার কথা ছিল। মক্কায় মায়ের দাফন সম্পন্ন করা হবে।

মায়ের রুহের মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

/এফআর/