শিরোনাম

দুশ্চিন্তা ও হতাশা থেকে মুক্তির দোয়া

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
দুশ্চিন্তা ও হতাশা থেকে মুক্তির দোয়া
দোয়া

দুঃখ, দুশ্চিন্ত আর হতাশা-যেন মানুষের জীবনের নিত্যসঙ্গী। পারিবারিক, আর্থিক অথবা অন্য কোনো কারণে মানুষ দুঃখভারাক্রান্ত অথবা দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। এমন কঠিন সময়ে একজন মুমিনের সবচেয়ে বড় আশ্রয় মহান আল্লাহ। পবিত্র কোরআন ও হাদিস শরিফে দুশ্চিন্তামুক্ত থাকার ও বিপদ-আপদ দূর করার বিভিন্ন আমলের কথা উল্লেখ রয়েছে।

বিপদ-আপদ থেকে মুক্তি পেতে সর্বদা আল্লাহর ওপর ‘তাওয়াক্কুল’ করতে হবে। তাওয়াক্কুল অর্থ নির্ভরতা ও ভরসা করা। আল্লাহ তাআলা বলেন, ‘আর যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করল, তবে তিনিই তার জন্য যথেষ্ট।’ (সুরা-৬৫ তালাক, আয়াত: ৩) ‘আল্লাহ তোমাদের ক্লেশ দিলে তিনি ছাড়া তা মোচনকারী আর কেউ নেই। আর আল্লাহ যদি তোমার মঙ্গল চান, তাহলে তাঁর অনুগ্রহ রদ করার কেউ নেই। বান্দাদের মধ্যে যাকে চান মঙ্গল দান করেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু।’ (সুরা-১০ ইউনুস, আয়াত: ১০৭)

দুশ্চিন্তা ও হতাশা থেকে মুক্তির অন্যতম উপায় হলো ইতিবাচক চিন্তা। মহানবী হযরত মুহাম্মদ (সা.) বলেন, আল্লাহ তাআলা ঘোষণা করেন, ‘বান্দা আমার প্রতি যে রূপ ধারণা রাখে, আমি বান্দার প্রতি সেই রূপ আচরণ করি।’ (বুখারি: ৬৯০১)

আল্লাহ তাআলা আরও বলেন, ‘তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য চাও; নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন।’ (সুরা-২ বাকারা, আয়াত: ১৫৩)

রাসুলুল্লাহ (সা.) তাঁর উম্মতকে এমন একটি মহামূল্যবান দোয়া শিখিয়েছেন, যা মানুষের অন্তরের অস্থিরতা দূর করে আল্লাহর সাহায্য ও নিরাপত্তা কামনার এক অনন্য মাধ্যম। দোয়াটি হলো-

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَالْعَجْزِ وَالْكَسَلِ، وَالْبُخْلِ وَالْجُبْنِ، وَضَلَعِ الدَّيْنِ، وَغَلَبَةِ الرِّجَالِ

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আউজু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আজযি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবুনি ওয়া দালায়িদ দাইনি ওয়া গলাবাতির রিজালি।

অনুবাদ : হে আল্লাহ! আমি তোমার নিকট দুঃখ ও দুশ্চিন্তা থেকে, অপারগতা-অলসতা থেকে, কৃপণতা এবং কাপুরুষতা থেকে আশ্রয় প্রার্থনা করছি। অধিক ঋণ থেকে ও খারাপ লোকের জবরদস্তি থেকেও আশ্রয় চাচ্ছি। (সহিহ বুখারি, হাদিস নং : ২৮৯৩)

হযরত আনাস (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) চিন্তাযুক্ত হলে এই দোয়াটি পড়তেন।

/জেএইচ/