পলাতক ফ্যাসিস্টরা আর দেশে ফিরতে পারবে না: আমান উল্লাহ আমান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
পলাতক ফ্যাসিস্টরা আর দেশে ফিরতে পারবে না: আমান উল্লাহ আমান
আলোচনা সভায় বক্তব্য রাখছেন আমান উল্লাহ আমান। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

দেশ ছেড়ে পালিয়ে যাওয়া কোনো ফ্যাসিস্ট শক্তি আর বাংলাদেশে ফিরতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য আমান উল্লাহ আমান। তিনি বলেন, অতীতে যেভাবে কোনো স্বৈরাচার এ দেশে টিকতে পারেনি, ভবিষ্যতেও কোনো ফ্যাসিস্ট শক্তি সফল হতে পারবে না।

বুধবার (১৪ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে বাংলাদেশ ইয়ুথ ফোরামের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় আমান উল্লাহ আমান এসব কথা বলেন।

আমান উল্লাহ আমান বলেন, অতীতের মতো ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানেও ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে এবং হাজার হাজার ছাত্র-জনতার রক্তের বিনিময়ে নতুন স্বাধীনতা অর্জিত হয়েছে। অতীতেও বিভিন্ন সময়ে স্বৈরাচারী সরকারের পতনে ছাত্র-জনতা ও রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে রাজপথে বিজয় ছিনিয়ে এনেছে।

তিনি বলেন, ৬৯-এর গণঅভ্যুত্থান এবং ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনেও ছাত্রসমাজের আপসহীন নেতৃত্বের মুখে স্বৈরশাসকরা পদত্যাগে বাধ্য হয়েছিল।

ষড়যন্ত্রকারীদের উদ্দেশে তিনি দিয়ে বলেন, ২৪ সালের পরাজিত শক্তিগুলো এক হয়ে কৃত্রিম উপায়ে আন্দোলন শুরু করার চেষ্টা করছে। কিন্তু এই আন্দোলন কখনো জনগণ গ্রহণ করবে না। জনগণ যে আস্থা ও বিশ্বাস রেখে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়েছে, তারেক রহমান জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন ঘটিয়ে গ্রামে, গঞ্জে, মাঠে, ঘাটে, পথে, প্রান্তরে ঘুরে বেড়াচ্ছেন, কাজ করছেন, মানুষের সেবা করছেন।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, হুংকার দিচ্ছে ২৪-এর পরাজিত শক্তিরা আসবেন, কোথায় আসবেন? ইতিহাস বলে, শুধু বাংলাদেশ নয়, কোনো পলাতক ফ্যাসিস্ট যে একবার দেশ ছেড়ে পালিয়ে যায়, সে কোনো দিন সে দেশে আর ফিরে আসতে পারে না।

উৎসব ও অন্যান্য সামাজিক কার্যক্রম প্রসঙ্গে আমান উল্লাহ আমান বলেন, মুসলমানদের যেমন সবচেয়ে বড় উৎসব ঈদ, ঠিক হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব শুরু হবে আগামী পরশু থেকে। প্রধানমন্ত্রী বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী , বিভিন্ন সামাজিক সংগঠন এবং দেশের বিভিন্ন অঞ্চলের মানুষকে আহ্বান জানিয়ে বলেছে, হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের পাশে থাকতে। তারা যেন সুন্দর, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে জন্য সবাই সহযোগিতা করতে।

বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মো. সাইদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় এসময় জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা নাজিম উদ্দিন আলমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

/এফআর/