ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ, সেরা পঞ্চাশে রেনশ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ, সেরা পঞ্চাশে রেনশ
অস্ট্রেলিয়ান ব্যাটার ম্যাট রেনশ ও বাংলাদেশের তারকা পেসার হাসান মাহমুদ

আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে বল হাতে দারুণ এক কীর্তি গড়েছেন বাংলাদেশি পেসার হাসান মাহমুদ। প্রথম ইনিংসে দুর্দান্ত বোলিংয়ের পাশাপাশি বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্টে হ্যাটট্রিকের পাশাপাশি ৫ উইকেট নিয়েছেন। এর প্রভাব পড়েছে তার র‍্যাঙ্কিংয়েও। সাত ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ৪৮তম স্থানে উঠে এসেছেন এ তারকা পেসার। একই ম্যাচে ৭ উইকেট নেওয়া আরেক পেসার এবাদত হোসেন ১১ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৬৭ নম্বরে।

ব্যাট হাতে চমক দেখিয়েছেন আফগানিস্তান অধিনায়ক রহমত শাহ। অপরাজিত ১০৫ ও ৫১ রানের দুর্দান্ত ইনিংস খেলে ব্যাটারদের তালিকায় ১৩ ধাপ এগিয়ে ১৩ নম্বরে জায়গা করে নিয়েছেন তিনি। আফগান ক্রিকেটার হিসেবে রেকর্ড ৬৯৩ রেটিং পয়েন্ট এখন তার ঝুলিতে। প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরি করে নজর কেড়েছেন সেদিকুল্লাহ আতাল। ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে তিনি অবস্থান করছেন ৯১তম স্থানে।

আন্তর্জাতিক ক্রিকেটে চমকপ্রদ উত্থান ঘটেছে অস্ট্রেলীয় ব্যাটার ম্যাট রেনশর। ডারবান টেস্টের আগে তার অবস্থান ছিল তালিকার ১৯৬ নম্বরে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কিংসমিডে অসামান্য পারফর্ম করে এক লাফে তিনি উঠে এসেছেন যৌথভাবে ৪৯ নম্বরে। টানা সাতটি ইনিংসে এক অঙ্কের ঘরে আউট হওয়ার পর প্রতিকূল পরিস্থিতিতে ১৯০ ও ৮২ রানের দুটি লড়াকু ইনিংস খেলে দলকে ২১৪ রানের জয় উপহার দেন তিনি। ১৪৭ ধাপ এগিয়ে সেরা পঞ্চাশে ঢুকলেন রেনশ। অন্যদিকে, একই টেস্টে ০ ও ২ রান করে ১২ ধাপ পিছিয়ে তার সাথেই ৪৯ নম্বরে নেমে গেছেন দক্ষিণ আফ্রিকার রায়ান রিকেলটন।

দক্ষিণ আফ্রিকার ড্যাশিং ওপেনার এইডেন মার্করামও র‍্যাঙ্কিংয়ে ভালো সাফল্য পেয়েছেন। টেস্টের দ্বিতীয় ইনিংসে অজি বোলারদের তোপের মুখে প্রায় ছয় ঘণ্টা ক্রিজে টিকে থেকে ৭৫ রানের ইনিংস খেলেন তিনি। এতে চার ধাপ এগিয়ে ২০১৯ সালের অক্টোবরের পর আবারও সেরা ১০-এ ফিরেছেন তিনি।

/এমএকে/