শিরোনাম

লংমার্চের গাড়ির খরচের হিসাবও জনগণ জানতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
লংমার্চের গাড়ির খরচের হিসাবও জনগণ জানতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নগরকান্দায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বিরোধী দলকে উদ্দেশ্য করে বলেছেন, একদিকে বলছেন, তেল নাই, গ্যাস নাই। অন্যদিকে দুই থেকে তিন হাজার গাড়ি নিয়ে লংমার্চ করছেন; গাড়িগুলো কী পানিতে চলে নাকি তেলে চলে? আপনারও সরকারের অংশ, সেই খরচের হিসাবটাও জনগণ জানতে চায়। একই সঙ্গে তিনি বিরোধীদলকে সংসদে এসে আলোচনার মাধ্যমে সকল সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন।

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (৫ সেপ্টেম্বর) বিকালে র‍্যালি, বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ শেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।

বক্তব্যকালে তিনি বিরোধী দলকে লংমার্চ না করে সংসদে এসে দাবি-দাওয়া উত্থাপনের আহ্বান জানান। তিনি বিরোধীদলের উদ্দেশ্য বলেন, ‘আজকে যখন আমরা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছি, সেই সময় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিরোধী দল লং মার্চ করছে। যদি জুলাই সনদ বাস্তবায়ন করতে হয় তাহলে বিএনপি সরকারের হাত ধরেই বাস্তবায়ন করতে হবে।’

আপনারা একদিকে বলছেন, তেল নাই গ্যাস নাই- এটা নাকি সরকারের দোষ। অন্যদিকে ঘোষণা দিচ্ছেন এক হাজার, দুই হাজার, তিন হাজার গাড়ি নিয়ে লংমার্চ করছেন। আমরা চাই সরকারি দল, বিরোধী দল ঐক্যবদ্ধ হয়ে জনগণের জন্য কাজ করবে। আপনারা প্রতিনিয়ত সংসদে আসছেন, আপনাদের দাবি-দাওয়া সংসদে তুলে ধরেন, আলোচনার মাধ্যমে আমরা সকল সমস্যার সমাধান ঐক্যবদ্ধভাবে করতে পারব। লংমার্চ করে তেল নষ্ট না করে পার্লামেন্টে এসে কথা বলেন।'

এ সময় তিনি ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘গণতন্ত্র ফেরত এসেছে কিন্তু ষড়যন্ত্র এখনো চলছে। বিভিন্নভাবে অপপ্রচার চালানো হচ্ছে। কৃষকদের খেপানোর চেষ্টা হচ্ছে যে সারের সমস্যা আছে। স্যারের কোন সমস্যা বাংলাদেশে নেই। গত ১৭ বছর আওয়ামী সরকার সবচেয়ে বেশি দুর্নীতি করেছে জ্বালানি খাতে; তারা বিদ্যুৎ স্থাপনা নির্মাণ করলেও উৎপাদনের ব্যবস্থা করেন নাই। আমাদের দেশের যে পরিমাণ গ্যাস মজুদ আছে সেই গ্যাস উত্তোলনেরও চেষ্টা করে নাই। গত দেড় বছরে ইউনুস সরকারও সেই খাতের উন্নতি করে নাই। সুতরাং ১৭ বছরের আর্থিক খাতের অনিয়ম ৬ মাসে দূর করা যাবে না।'

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বিএনপি সরকারের আইন বিভাগ, বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারছে। আমরা চাই যারা দোষী তাদের বিচার হোক।’

এর আগে নগরকান্দা মাহেন্দ্র নারায়ণ একাডেমী সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ করেন তিনি। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশগ্রহণ করেন। র‍্যালিটি উপজেলা ভূমি অফিস চত্বরে এসে শেষ হয়।

/এসআর/