শিরোনাম

হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন, মিলছে না মুক্তি

হবিগঞ্জ সংবাদদাতা
হবিগঞ্জ সংবাদদাতা
হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন, মিলছে না মুক্তি
আদালত প্রাঙ্গণে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন

জুলাই আন্দোলনে সংঘটিত হবিগঞ্জের একটি হত্যাচেষ্টার ঘটনার মামলায় সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (২২ জুলাই) বিচারপতি শেখ জাকির হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ জামিন দেন। আদালতে ব্যারিস্টার সুমনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার পূর্ণিমা জাহান।

তবে সাবেক এই সংসদ সদস্য এখনই মুক্তি পাচ্ছেন না, এ তথ্য জানিয়ে আইনজীবী বলেন, ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মোট ৭টি মামলা রয়েছে। এর মধ্যে কেবল মিরপুর থানার প্রথম হত্যাচেষ্টা মামলার জামিন আপিল বিভাগসহ পুরোপুরি চূড়ান্ত হয়েছে। বাকি মামলাগুলোর মধ্যে ৪ টি মামলায় হাইকোর্টে রুল শুনানির অপেক্ষায় রয়েছে।

জামিন আদেশের বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. ইছা বলেন, ‘আমরা এই আদেশের বিরুদ্ধে আপিল করার জন্য ইতোমধ্যে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে নোট পাঠিয়েছি। শিগগিরই এ আদেশের বিরুদ্ধে ‘লিভ টু আপিল’ দায়ের করা হবে।’

২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাত দেড়টায় রাজধানীর মিরপুর-৬ থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার হওয়ার কিছু সময় আগে ২১ অক্টোবর দিনগত রাত সোয়া ১টার দিকে নিজের ফেসবুক ভেরিফায়েড আইডি থেকে একটি পোস্ট দেন ব্যারিস্টার সুমন। এতে তিনি লেখেন, 'আমি পুলিশের সঙ্গে যাচ্ছি।'

/এসআর/