আ.লীগের দুর্গে ১১ দলের পথসভা, বক্তব্য রাখেন জামায়াত আমির

গোপালগঞ্জ সংবাদদাতা
গোপালগঞ্জ সংবাদদাতা
আ.লীগের দুর্গে ১১ দলের পথসভা, বক্তব্য রাখেন জামায়াত আমির
গোপালগঞ্জে পথসভায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দূর্গ হিসেবে পরিচিত গোপালগঞ্জে পথসভা করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা থেকে খুলনা, ঝিনাইদহ ও কুষ্টিয়াগামী ১১ দলীয় ঐক্যের লংমার্চের অংশ হিসেবে এ পথসভা অনুষ্ঠিত হয়।

শনিবার (৩১ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে জেলার কাশিয়ানির ভাটিয়াপাড়া মোড়ে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

পথসভায় তিনি বলেন, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য। ৭ দফা দাবি আদায় না করে আমরা ঘরে ফিরবো না।

জামায়াত আমির বলেন, আমাদের দাবি খুব স্পষ্ট। আমরা জনগণের দাবি নিয়ে রাস্তায় নেমেছি। আমাদের মূল দাবি হচ্ছে, গণভোটে ৭০ শতাংশ মানুষ যে রায় দিয়েছেন, তা বাস্তবায়ন করতে হবে। এই দাবি বাস্তবায়ন হলে বাকি ছয় দফাও বাস্তবায়ন হয়ে যাবে।

এর আগে, সকাল ৭টায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে লংমার্চ শুরু হয়। সকাল ১০টার দিকে শরীয়তপুরের নাওডোবায় একটি পথসভায় অংশ নেন লংমার্চের নেতারা।

গোপালগঞ্জের কাশিয়ানির ভাটিয়াপাড়া মোড়ের পথসভা শেষে লংমার্চের বহর খুলনার উদ্দেশে যাত্রা করে। খুলনা মহানগরীর বাবরী চত্বর ও ফুলতলার বাসস্ট্যান্ডের স্বাধীনতা চত্বরে পথসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তাদের।এরপর যশোরের মুড়লীর মোড় ও ঝিনাইদহ বাস টার্মিনালে পথসভা করবেন ১১ দলীয় ঐক্যের নেতারা। সবশেষে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে।

লংমার্চের পথে বিভিন্ন স্থানে স্থানীয় নেতাকর্মীরা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে বহরকে অভিবাদন জানাচ্ছেন। এসব স্থানে অনানুষ্ঠানিক বক্তব্য দেওয়ার কথা রয়েছে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ জোটের নেতাদের।

/এসবি/