শিরোনাম

যুবনেতা বুলবুল হত্যার বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
যুবনেতা বুলবুল হত্যার বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ
বায়তুল মুকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ সমাবেশ

নারায়ণগঞ্জে সিফাত বাহিনীর হামলায় বন্দর থানা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মাদ মুজাহিদুল ইসলাম বুলবুল হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ।

শুক্রবার (২১ আগষ্ট) জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মুকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ থেকে এই হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়েছে।

সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, মুজাহিদুল ইসলাম বুলবুল হত্যাকাণ্ড অত্যন্ত নৃশংস ও উদ্বেগজনক। চাঁদাবাদির ও মাদক চোরাচালানের প্রতিবাদ করায় একজন সক্রিয় যুবনেতাকে এভাবে হত্যা করে কোনো অপরাধী পার পেতে পারে না। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেককে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, নিহত বুলবুল গত ২০ আগস্ট দায়ের করা একটি বৈষম্যবিরোধী মামলার প্রধান বাদী ছিলেন। মামলায় অভিযুক্ত শেখ সিফাত ৬ নম্বর এজাহারনামীয় আসামি। এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার না হলে জুলাই যোদ্ধারা আবারো রাজপথে নামবে।

তিনি আরও বলেন, বিএনপি সরকার সন্ত্রাস দমন করতে সমর্থ হয়নি। চাঁদাবাদ, ধর্ষক ও মাদক কারবারিদের দৌরাত্ম আরো বেড়েছে। দেশে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। খুন, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে। কোনো অপরাধীর রাজনৈতিক বা অন্য কোনো পরিচয় বিবেচনায় না নিয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

সভাপতির বক্তব্যে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ বলেন, মুজাহিদুল ইসলাম বুলবুল ছিলেন ইসলামী যুব আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ কর্মী ও দায়িত্বশীল যুবনেতা। তার নির্মম হত্যাকাণ্ডে আমরা গভীরভাবে শোকাহত এবং ক্ষুব্ধ।

তিনি বলেন, হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। অপরাধীরা যতই প্রভাবশালী হোক, তাদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, ন্যায়বিচারের দাবিতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক কর্মসূচি অব্যাহত রাখবে। আমরা প্রতিহিংসা চাই না, আমরা চাই ন্যায়বিচার। বুলবুল হত্যার দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার মধ্য দিয়েই দেশে আইনের শাসন ও মানুষের নিরাপত্তার প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতা প্রমাণিত হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন– ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব শেখ ফজলুল করীম মারুফ, যুব আন্দোলনের সেক্রেটারি জোনারেল মুফতী মানসুর আহমদ সাকী, মাওলানা ইলিয়াস হাসান, মুফতি আব্দুজ্জাহের আরেফী প্রমুখ।

/এফসি/