শিরোনাম

সংসদ থেকে আবার ওয়াকআউট করলো বিরোধীদল

নিজস্ব প্রতিবেদক
সংসদ থেকে আবার ওয়াকআউট  করলো বিরোধীদল
সংসদ অধিবেশনে জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া

গণভোটের সংস্কার প্রস্তাব ও পরিষদ গঠন নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না আসায় জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধীদল।

এর আগে ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের প্রথম দিনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেওয়ার সময় প্রতিবাদস্বরূপ প্রথমবারের মতো ওয়াকআউট করে বিরোধীদলের এমপিরা।

বুধবার (১ এপ্রিল) অধিবেশন চলাকালে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলীয় এমপিরা সংসদ কক্ষ ত্যাগ করেন।

অধিবেশনে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে ডা. শফিকুর রহমান বলেন, গণভোট ও সংশ্লিষ্ট সংস্কার নিয়ে তাদের উত্থাপিত প্রস্তাবের বিষয়ে স্পষ্ট কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি। এটি জন-আকাঙ্ক্ষার বিষয়। আমরা প্রত্যাশা করেছিলাম, এ বিষয়ে সুস্পষ্ট প্রতিকার পাওয়া যাবে।

তিনি বলেন, সংস্কার পরিষদ গঠন করলে সেখানে সরকার ও বিরোধীদল থেকে সমানসংখ্যক সদস্য রাখার প্রস্তাব দিয়েছিলেন তারা, যাতে একটি অর্থবহ সমাধান আসে।

স্পিকার হাফিজউদ্দিন আহমেদ জানান, বিষয়টি একটি মুলতবি প্রস্তাব হিসেবে গৃহীত হয়েছিল এবং এ নিয়ে আরও আলোচনার সুযোগ রয়েছে। তিনি বিরোধীদলকে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান।

তবে বিরোধীদলীয় নেতা বলেন, প্রস্তাবের বিষয়ে সিদ্ধান্ত না আসায় জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়নি। এ অবস্থায় সংসদে থাকা সম্ভব নয় বলে জানিয়ে ওয়াকআউটের ঘোষণা দেন তিনি।

স্পিকার বিরোধীদলের এই পদক্ষেপকে তাদের সংসদীয় অধিকার বলে উল্লেখ করেন এবং আরও কিছু সময় অপেক্ষা করে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান। তবে সে আহ্বান উপেক্ষা করেই সংসদ কক্ষ ত্যাগ করেন বিরোধীদলীয় সদস্যরা।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সংসদীয় রাজনীতিতে ওয়াকআউট স্বাভাবিক বিষয় হলেও আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান সম্ভব।

বিরোধীদলের অনুপস্থিতিতেই সংসদের বাকি কার্যক্রম চলতে থাকে।

/বিবি/