শিরোনাম

অগণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ পরিচালনা করতে যাচ্ছে সরকার: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
অগণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ পরিচালনা করতে যাচ্ছে সরকার: নাহিদ ইসলাম
ছাত্রশক্তির আলোচনা সভায় কথা বলছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম

গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না করে অগণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ পরিচালনা করতে যাচ্ছে সরকার বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (১২ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিলে এ অভিযোগ করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে পটপরিবর্তন হলেও এর আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়িত হয়নি। একটি নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছে বিএনপি। কিন্তু ক্ষমতায় এসে তারা অগণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ পরিচালনা করতে যাচ্ছে।

তিনি বলেন, বিএনপি সরকারের অগণতান্ত্রিক আচরণের নানা নিদর্শন ইতিমধ্যে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দেখা যাচ্ছে। দখলদারত্ব ও গণরুম-গেস্টরুম সংস্কৃতির বিরুদ্ধে যে আন্দোলন শুরু হয়েছিল, তা এখনো শেষ হয়নি। ছাত্রলীগকে পরাজিত করার মধ্য দিয়ে আমরা ভেবেছিলামএই লড়াই হয়তো সমাপ্ত হয়েছে, কিন্তু সেই লড়াই এখনো শেষ হয়নি।’

এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেন, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর উদ্যোগকে দলীয় নেতা-কর্মীদের চাকরি দেওয়ার ‘কূটকৌশল’। শেখ হাসিনার সময় ছিল কোটাপ্রথা, আর এখন তারেক রহমানের হাতে এসে তৈরি হয়েছে ‘ভাইভা প্রথা’।

তিনি বলেন, বিসিএসসহ সরকারি চাকরি ও পিএসসি সংস্কারের প্রশ্নে সরকার পশ্চাৎপদ ভূমিকা পালন করছে। পিএসসিতে তিনটি কমিশন গঠনের প্রস্তাব এড়িয়ে এখন মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানো হচ্ছে, যাতে নিজেদের লোকজনকে চাকরি দেওয়া যায়।

জাতীয় ছাত্রশক্তির সভাপতি আবু বাকের মজুমদারের সঞ্চালনায় সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবু তৌহিদ মো. সিয়ামসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়-কলেজ শাখা এবং জেলা শাখার নেতারা উপস্থিত ছিলেন।

/এসবি/