শিরোনাম

এজেন্টদের খালি ব্যালট বাক্স না দেখানোর অভিযোগ জামায়াত প্রার্থীর

নিজস্ব প্রতিবেদক
এজেন্টদের খালি ব্যালট বাক্স না দেখানোর অভিযোগ জামায়াত প্রার্থীর
ঢাকা-৬ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ড. আব্দুল মান্নান। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ঢাকা-৬ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক ড. আব্দুল মান্নান ভোটকেন্দ্রের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার অভিযোগ, বাংলাবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে জামায়াতের পোলিং এজেন্টদের নিয়ম অনুযায়ী খালি ব্যালট বাক্স দেখানো হয়নি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে গেন্ডারিয়া উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ড. মান্নান বলেন, ‘নির্বাচন শুরুর আগে বাংলাবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে আমাদের এজেন্টরা উপস্থিত ছিলেন। কিন্তু রিটার্নিং বা প্রিসাইডিং কর্মকর্তারা তাদের ব্যালট বাক্স পরীক্ষা করতে দেননি। এটি পরিষ্কার কারচুপির ইঙ্গিত।’

এ সময় তিনি সংশ্লিষ্ট আসনের ৮০টি ভোটকেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে সেখানে সুষ্ঠু ভোটগ্রহণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

এর আগে সকাল ৭টা ৩০ মিনিটে কেন্দ্রগুলো ভোটারদের জন্য খুলে দেওয়া হয়। ড. মান্নান সকাল ৭টা ৪৫ মিনিটে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। সকালে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে একযোগে দেশের ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে এই ভোট চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মো. নুরুজ্জামান বাদলের মৃত্যুতে সেখানে নির্বাচন স্থগিত করা হয়েছে। ফলে আজ ২৯৯টি আসনে মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ১ হাজার ৭৫৫ জন রাজনৈতিক দলের মনোনীত এবং ২৭৩ জন স্বতন্ত্র প্রার্থী। মোট প্রার্থীর মধ্যে পুরুষ ১ হাজার ৯৪৬ জন (রাজনৈতিক দল ১ হাজার ৬৯২, স্বতন্ত্র ২৫৩) এবং নারী প্রার্থী ৮৩ জন (রাজনৈতিক দল ৬৩, স্বতন্ত্র ২০)।

এবারের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন ভোটার। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩২ জন। সারা দেশে স্থাপিত ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রকে সাধারণ ও গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) এই দুই ভাগে বিভক্ত করা হয়েছে। সাধারণ কেন্দ্র রয়েছে ২১ হাজার ২৭৩টি এবং গুরুত্বপূর্ণ কেন্দ্র ২১ হাজার ৫০৬টি।

/জেএইচ/