শিরোনাম

চাইলে কয়েক হাজার গাড়ি নিয়ে লংমার্চ করতে পারতাম: জামায়াত আমির

বগুড়া সংবাদদাতা
বগুড়া সংবাদদাতা
চাইলে কয়েক হাজার গাড়ি নিয়ে লংমার্চ করতে পারতাম: জামায়াত আমির
বগুড়া সার্কিট হাউস হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

বিরোধী দল বারবার সহযোগিতা করতে চাইলেও সরকার আগ্রহ প্রকাশ করেনি, বরং সংকট অস্বীকার করছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

১১-দলীয় ঐক্যের চলমান কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, আমরা যখন দেখলাম যে, সংসদের ভেতরে কিছু করতে পারছি না, তখন বাধ্য হয়ে আন্দোলনের দ্বিতীয় পর্যায়ে লংমার্চ শুরু করেছি। গণভোটের রায় বাস্তবায়ন, বৈষম্য দূরীকরণ, বেপরোয়া দলীয়করণ বন্ধ, চাঁদাবাজি-দুর্নীতির টুঁটি চেপে ধরা, দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ ও কৃষকের জন্য সার সরবরাহ নিশ্চিত করাসহ ৬টি দাবিতে আমাদের এই আন্দোলন।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বগুড়া সার্কিট হাউস হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সংকটকালে লংমার্চ নিয়ে সমালোচনা প্রসঙ্গে জামায়াত আমির বলেন, এখন সরকারও বলছে তেলের ক্রাইসিস, প্রথমে স্বীকার করেনি। এই গাড়িগুলো যদি আমরা নাও নিতাম, সেই ব্যক্তিরা গাড়িগুলো বসিয়ে রাখতো? তাদের প্রয়োজনে এই গাড়িগুলো চলতো।

বিরোধী দলের প্রতিটি দাবি জনগণের দাবি উল্লেখ করে তিনি বলেন, সেই দাবিতে তারা স্যাক্রিফাইস করেছে। আমরা চাইলে কয়েক হাজার গাড়ি নিয়ে রওনা করতে পারতাম। আমরা তা করিনি। আমরা প্রতীকী একটি কাফেলা নিয়ে রওনা করেছি।

তিনি এসময় জনগণের আকাঙ্ক্ষার পরিবর্তন আনতে গণভোটের রায় বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান।

/এফসি/