শিরোনাম

আজ উত্তরাঞ্চলের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
আজ উত্তরাঞ্চলের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান
জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সিটিজেন জার্নাল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ উত্তরাঞ্চলের ৩ জেলা সফর করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার এই সফরসূচি বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারম্যানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।

দলীয় সূত্রে জানা গেছে, প্রথমে তিনি ঠাকুরগাঁও, এরপর নীলফামারী হয়ে দিনাজপুর যাবেন। সেখানে জনসভা শেষে নানা-নানি ও খালার কবর জিয়ারত করবেন।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে প্রথম জনসভা করবেন তারেক রহমান।

এবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চলের নির্বাচনী প্রচারণার জনসভার সফরে তিনি বিমান ও হেলিকপ্টার ব্যবহার করবেন। তারেক রহমান সকালে ঢাকা থেকে বিমানে করে সকাল ১১টায় নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর পৌঁছাবেন। সেখান থেকে হেলিকপ্টার যোগে প্রথমে ঠাকুরগাঁও জেলা হাইস্কুল মাঠে সকাল সাড়ে ১১টায় জনসভায় যোগদান করবেন।

সেখান থেকে হেলিকপ্টারে রওনা দিয়ে দুপুর দেড়টায় নীলফামারী পৌরসভা বড় মাঠে জনসভায় অংশ নিবেন। নীলফামারীর জনসভা শেষে তারেক রহমান পুনরায় হেলিকপ্টারে দিনাজপুর জেলার বিরামপুর সরকারি কলেজ মাঠে বিকাল সাড়ে ৩টার জনসভায় যোগদান করবেন। সেখানে বক্তব্য শেষে তিনি প্রয়াত নানা ইস্কান্দার মজুমদার, নানি তৈয়বা মজুমদার ও খালা সাবেক মন্ত্রী খুরশীদ জাহান হকের কবর জিয়ারত করবেন। এরপর হেলিকপ্টার যোগে সৈয়দপুর বিমানবন্দরে এসে বিমানযোগে সন্ধ্যায় ঢাকায় ফিরে যাবেন।

তিন জেলার এই নির্বাচনী সভায় ঠাকুরগাঁও জেলার ৩টি, নীলফামারী জেলার চারটি ও দিনাজপুর জেলার ৬টিসহ ১৩টি আসনের ধানের শীষ ও বিএনপি জোটের প্রার্থীরা অংশ নেবেন।

এদিকে শনিবার (৭ ফেব্রুয়ারি) তারেক রহমানের নির্বাচনী জনসভা ঘিরে তিন জেলায় সাজ সাজ রব শুরু হয়েছে। প্রতিটি জনসভাস্থলে মঞ্চ তৈরীর কাজ চলছে। পাশাপাশি তারেক রহমানের আগমন ঘিরে শহরগুলোতে প্রচারণা মিছিল ও মাইকিং চলছে।

নেতাকর্মীরা জানান, দীর্ঘ ২৩ বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঠাকুরগাঁওয়ে আসছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ শনিবার নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তিনি। দলীয় প্রধানের আগমন ঘিরে জেলাজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে শহরের গুরুত্বপূর্ণ সড়ক। প্রস্তুত করা হচ্ছে জনসভাস্থল। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উচ্ছ্বাস দেখা যাচ্ছে।

স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা জানান, ঠাকুরগাঁওয়ের উন্নয়ন নিয়ে বিএনপি মহাসচিবের অনেক পরিকল্পনা রয়েছে। দলের চেয়ারম্যান তারেক রহমান এখানে আসার পর তা বাস্তবায়ন আরও সহজ হবে।

এদিকে তারেক রহমানের আগমন ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ জানায়, ‘বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী সফরে এখানে আসছেন। তার নিরাপত্তার জন্য যা প্রয়োজন, সব করা হবে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও জিয়া পরিবারে প্রতি মানুষের যে ভালোবাসা, তা আগামী ৭ ফেব্রুয়ারির জনসভায় তাদের উপস্থিতি দিয়ে প্রমাণ করবেন।

/জেএইচ/