শিরোনাম

শাহবাগ ও রমনাকে ‌‌‘আজাদি এলাকা’ ঘোষণা নাসীরুদ্দীন পাটওয়ারীর

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
শাহবাগ ও রমনাকে ‌‌‘আজাদি এলাকা’ ঘোষণা নাসীরুদ্দীন পাটওয়ারীর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে নাসীরুদ্দীন পাটওয়ারীসহ অন্যান্য নেতাকর্মী। ছবি: সংগৃহীত

শাহবাগ ও রমনা এলাকাগুলোকে আজাদির এলাকা ঘোষণা করেছেন ঢাকা-৮ আসনে জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

সোমবার (৫ জানুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ চত্বরে শরীফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে আজাদির যাত্রার প্রাক্কালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ঢাকা-৮ আসনের শাহবাগ ও রমনা এলাকাগুলোকে আজাদির এলাকা ঘোষণা করলাম। আমরা ওসমান হাদির আজাদির লড়াই জারি রাখবো। সাম্য ও হাদিসহ সব হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আমরা মাঠে নামছি।

তিনি বলেন, ১১ দলীয় জোট বাংলাদেশকে সকল অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক পরাধীনতা থেকে আজাদ করার লড়াই অব্যাহত রাখবে।

‘গোলামির রাজনীতি নয়, এগারো দলীয় জোট আজাদির হয়ে কাজ করবে,’ যোগ করেন তিনি।

এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক অভিযোগ করে বলেন, প্রশাসন বিএনপির দিকে হেলে পড়েছে। সরকারি কর্মকর্তারা শেখ হাসিনার আমলের মতো আবারও অফিস বাদ দিয়ে তারেক রহমানকে স্বাগত জানাতে গিয়েছিলেন। বর্তমান বাংলাদেশে এসব আর চলবে না। কেউ গোলামির দিকে হেলে পড়ুক, আমরা তা চাই না।

সংবাদ সম্মেলনে প্রশাসনকে দলীয় দাসত্ব থেকে বেরিয়ে জনগণের পক্ষে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করা জরুরি। অন্যথায় গণতান্ত্রিক সংগ্রাম আরও জোরদার হবে।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তার নির্বাচনি এলাকায় কোনো সন্ত্রাসী, চাঁদাবাজি সহ্য করা হবে না। এ বিষয়ে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানাই।

/জেএইচ/