শিরোনাম

আইসিইউতে মেঘমল্লার বসু, শারীরিক অবস্থার অবনতি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
আইসিইউতে মেঘমল্লার বসু, শারীরিক অবস্থার অবনতি
এনপিএ'র কেন্দ্রীয় কাউন্সিল সদস্য মেঘমল্লার বসু

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও জাতীয় পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিল সদস্য মেঘমল্লার বসু ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ও রাজনৈতিক সহকর্মীদের কাছ থেকে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢামেক হাসপাতালের নতুন ভবনের পঞ্চম তলার আইসিইউর মেডিকেল অফিসার ডা. হাসান আল বান্না জানান, মেঘমল্লারকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে এবং চিকিৎসায় এখনো আশানুরূপ সাড়া পাওয়া যাচ্ছে না।

ডা. হাসান আল বান্না বলেন, মেঘমল্লারকে লাইফ সাপোর্টে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। গতকাল থেকে তার অবস্থার অবনতি হয়েছে। চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তবে এনপিএর কেন্দ্রীয় কাউন্সিল সদস্য ও ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি বাকী বিল্লাহ বলেন, মেঘমল্লারকে লাইফ সাপোর্টে রাখার তথ্য সঠিক নয়। তিনি জানান, ফুসফুসে সংক্রমণের কারণে মঙ্গলবার জরুরি ভিত্তিতে তাকে আইসিইউতে নেওয়া হয়। আইসিইউর চিকিৎসকেরা কিছুক্ষণ আগেও তাদের ব্রিফ করেছেন এবং অধিকাংশ রিপোর্ট ও শারীরিক সূচকে উন্নতির লক্ষণ রয়েছে।

সোমবার গভীর রাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের রমনা গেট এলাকা থেকে অচেতন অবস্থায় মেঘমল্লারকে উদ্ধার করা হয়। পরে তার বন্ধুরা তাকে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তার পাকস্থলী পরিষ্কার করেন।

মেঘমল্লারের চিকিৎসার সঙ্গে সংশ্লিষ্ট হাসপাতাল সূত্র জানায়, বিষক্রিয়ার আশঙ্কায় তার পাকস্থলী ধৌত করা হয়েছিল।

হাসপাতালে প্রথমে ৬০২ নম্বর কক্ষের ৩ নম্বর বেডে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। মঙ্গলবার বিকেলে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নতুন ভবনের পঞ্চম তলার আইসিইউতে স্থানান্তর করা হয়।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, চিকিৎসকেরা প্রয়োজন মনে করায় মেঘমল্লারকে আইসিইউতে নেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেল থেকে তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল।

/এমআর/