শিরোনাম

এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক
এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
কোলাজ: সিটিজেন গ্রাফিক্স

‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’– এই স্লোগানকে সামনে রেখে আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দিনটি উপলক্ষে রাজধানীর ধানমন্ডির আবাহনী মাঠে কেন্দ্রীয়ভাবে ইফতার মাহফিলের আয়োজন করেছে দলটি।

জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ওই আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের উদ্যোগে গত বছরের ২৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এনসিপি। প্রতিষ্ঠার পর থেকে রাষ্ট্র সংস্কার এবং জুলাই হত্যাকাণ্ডের বিচার দাবিতে সরব ভূমিকা রেখে আসছে দলটি।

সাম্প্রতিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামির নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে যুক্ত হয়ে ৩০টি আসনে প্রার্থী দেয় এনসিপি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনসহ ছয়জন প্রার্থী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। রাজনৈতিক অঙ্গনে আলোচিত শক্তি হিসেবে এক বছর পার করে এবারই প্রথম জাতীয় নির্বাচনে অংশ নেয় দলটি।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সম্পর্কে জানিয়েছেন উদ্‌যাপন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। তিনি বলেন, এক বছর পূর্তি উপলক্ষে গণ-অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য, ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন দল ও সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও শ্রমিকসহ নানা শ্রেণি-পেশার মানুষকে নিয়ে আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠান।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, ২৮ ফেব্রুয়ারি বিকাল চারটা থেকে ধানমন্ডির আবাহনী মাঠে ইফতার মাহফিল শুরু হবে। এতে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী এবং আন্দোলনের সহযোদ্ধা ও সাংবাদিকেরা অংশ নেবেন। অনুষ্ঠানে একটি চিত্রপ্রদর্শনীর পাশাপাশি দলটির এক বছরের রাজনৈতিক কার্যক্রমের উল্লেখযোগ্য ঘটনাপ্রবাহ নিয়ে ‘স্ট্রিট ওয়াল’ শিরোনামে ধারাবাহিক প্রোমো প্রদর্শন করা হবে। থাকবে ফটো বুথের ব্যবস্থাও।

কেন্দ্রীয় কর্মসূচির বাইরে বিভাগীয় পর্যায়েও ইফতার মাহফিল আয়োজনের ঘোষণা দিয়েছে এনসিপি। ২ মার্চ চট্টগ্রাম, ৩ মার্চ কুমিল্লা, ৪ মার্চ সিলেট, ৫ মার্চ ময়মনসিংহ, ৭ মার্চ ফরিদপুর, ৮ মার্চ বরিশাল, ৯ মার্চ খুলনা, ১০ মার্চ রাজশাহী এবং ১১ মার্চ রংপুরে এসব কর্মসূচি অনুষ্ঠিত হবে। দলটির নেতা-কর্মী, জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য এবং গুণীজনেরা এসব আয়োজনে অংশ নেবেন বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

/এসএ/