শিরোনাম

আমার পোলিং এজেন্টদের ৩ ঘণ্টা ঢুকতে দেওয়া হয়নি: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক
আমার পোলিং এজেন্টদের ৩ ঘণ্টা ঢুকতে দেওয়া হয়নি: নাসীরুদ্দীন পাটওয়ারী
ঢাকা-৮ আসনের এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারী। ছবি: সিটিজেন জার্নাল

ঢাকা-৮ আসনের এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্র তার পোলিং এজেন্টদের তিন ঘণ্টা ধরে ঢুকতে দেওয়া হয়নি। এ সময় কেন্দ্রে কী ঘটেছে, তা জানতে চান তিনি।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টা ৪০ মিনিটে ওই কেন্দ্রে ভোট দিতে এসে ভোটগ্রহণ শেষে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, একাধিক কেন্দ্র পরিদর্শন করেছি। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন, এতে আমরা আশাবাদী।

তবে মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রের পরিস্থিতি নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন। তার অভিযোগ, এই কেন্দ্রে আমার এজেন্টদের তিন ঘণ্টা ঢুকতে দেওয়া হয়নি। এই তিন ঘণ্টায় কী ঘটেছে, তা জানতে চাই। কেন্দ্রটি মির্জা আব্বাসের বাড়ির পাশে হওয়ায় সেখানে প্রভাব খাটানো হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

পাটোয়ারী বলেন, এই কেন্দ্রে গণতন্ত্র নেই। প্রশাসনের সামনে যদি আমাদের ওপর আঘাত করা হয়, তাহলে আমরা বসে থাকব না।

তিনি দাবি করেন, ভোটাররা তার দলের প্রতীক ‘শাপলা কলি’ মার্কায় ভোট দিচ্ছেন। এ কারণে এনসিপির সমর্থকদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট এ নির্বাচনে অংশ নিয়ে সরকার গঠন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, শাপলা কলির বিরুদ্ধে আওয়ামী লীগ, লাঙ্গল, ধানের শীষ ও ভারত মিলেমিশে প্রতিদ্বন্দ্বিতা করছে। তবে শেষ পর্যন্ত এনসিপি জয়লাভ করবে বলে তিনি দাবি করেন। সরকার গঠন করতে পারলে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

/এসএ/