শিরোনাম

পারস্পরিক সৌহার্দ্যে ভরে উঠুক পহেলা বৈশাখ: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
পারস্পরিক সৌহার্দ্যে ভরে উঠুক পহেলা বৈশাখ: মির্জা ফখরুল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহী

মানুষে মানুষে বিভাজন দূর করে পহেলা বৈশাখ পারস্পরিক শুভেচ্ছা ও সৌহার্দ্যে ভরে উঠুক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৩ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম বলেন, পহেলা বৈশাখ বাংলা সনের প্রথম দিন, যা বাংলাদেশিদের সমগ্র সত্তাকে ধারণ করে। বৈশাখের উষালগ্ন থেকেই এ উৎসব মানুষের মনে শান্তি ও আনন্দের আবহ তৈরি করে।

তিনি বলেন, বাংলা নববর্ষ জাতীয় জীবনের এক আলোকিত ও আনন্দময় উৎসব, যেখানে বৈরিতা ও দ্বন্দ্বের পরিবর্তে সবার হৃদয়ে প্রাণ-প্রাচুর্য্য সঞ্চারিত হওয়া উচিত।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, নববর্ষ সংহতির প্রতীক। নতুন বছর মানেই অতীতের ব্যর্থতা ও জীর্ণতা পেছনে ফেলে নতুন উদ্দীপনা ও কর্মপ্রবাহে সুন্দর ও সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণের অঙ্গীকার। গত বছরের নানা ঘটনা ও দুর্ঘটনার অভিঘাত কাটিয়ে শান্তি, স্বস্তি ও সহাবস্থান ফিরিয়ে আনার ওপরও জোর দেন তিনি।

তিনি বলেন, ধর্ম, লোকাচার, রাজনীতি ও সংস্কৃতির পরিমণ্ডলে এ স্বাতন্ত্র্যবোধ জাতির বৈশিষ্ট্যকে প্রতিফলিত করে।

মির্জা ফখরুল ইসলাম বলেন, প্রতিটি উৎসবের অন্তর্নিহিত তাৎপর্য হলো ধনী-গরিব নির্বিশেষে সব মানুষের মিলন এবং বিভিন্ন সম্প্রদায় ও ধর্মগোষ্ঠীর মধ্যে সংযোগ সৃষ্টি। নতুন বছরের প্রথম দিনের আলোয় মহান আল্লাহর কাছে দেশের সকল মানুষের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেন তিনি।

দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, নতুন বছর সবার ব্যক্তিগত, পারিবারিক ও জাতীয় জীবনে সুখ ও শান্তি বয়ে আনুক।

/এসবি/