শিরোনাম

সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের আইনি ভিত্তি খুঁজে পায়নি সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের আইনি ভিত্তি খুঁজে পায়নি সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সিটিজেন টোয়েন্টিফোর

কয়েকটি রাজনৈতিক দল সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে। তবে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার মতো কোনো আইনি ভিত্তি সরকার খুঁজে পায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ রবিবার (২৬ জুলাই) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি 'পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদান' অনুষ্ঠানে অংশ নেন।

স্বরাষ্ট্র্রমন্ত্রী বলেন, 'গণঅভ্যুত্থানের পর আমরা চাই মানুষ রাজনৈতিকভাবে মত প্রকাশ ও প্রতিবাদ করার স্বাধীনতা ভোগ করুক। এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল তার বিরুদ্ধে অভিযোগ তুলতেই পারে। তবে বিষয়টি আমলে নেওয়ার মতো কোনো আইনি ভিত্তি আমরা দেখিনি।'

সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবির বিষয়ে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘স্বৈরাচারের শেষদিকে ও অন্তর্বর্তী সরকারের পুরো সময় এবং বর্তমান সরকারের প্রায় ৬ মাস সাংবিধানিকভাবে তিনি দায়িত্ব পালন করেছেন। বিধি-বিধান অনুযায়ী তিনি এই দায়িত্ব পালন করেছেন। আমরা রাষ্ট্রপতির সহযোগিতা পেয়েছি। সেই সময়টায় সংবিধান অনুসারে তিনি প্রিভিলেজড ছিলেন, তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধ কিংবা এ বিষয়ে আদালতে কোনো মামলা করা যায় না। এর বহির্ভূত কোনো সময়ে যদি কেউ কোনো বক্তব্য দিয়ে থাকে, সেটিতে তাদের স্বাধীনতা আছে। তবে আমরা আমলে নেওয়ার মতো কোনো বিষয় এখানে দেখিনি।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শারীরিক অসুস্থতার কারণে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন এবং সংবিধান অনুযায়ী স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। স্পিকার তা গ্রহণ করেছেন। সাংবিধানিক বিধান অনুসারে বর্তমানে স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।

শেখ হাসিনার সঙ্গে সাবেক রাষ্ট্রপতির কথোপকথন নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে তিনি বলেন, সরকারের কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই। 'আমরাও পত্রিকায় দেখেছি। কোনো গণমাধ্যম যদি এমন দাবি করে, তাহলে তার প্রমাণও তাদেরই দিতে হবে। আমাদের কাছে সেরকম কোনো তথ্য নেই।’

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি জানানো হচ্ছে। এ প্রেক্ষাপটে তার নিরাপত্তা নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন অনুযায়ী তিনি প্রাপ্য সব সুযোগ-সুবিধা পাবেন। এসএসএফ, পিজিআরসহ ছয় মাস নিরাপত্তা সুবিধার বিধান রয়েছে। পাশাপাশি পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তার নিরাপত্তা নিশ্চিত করবে।

/বিবি/