শিরোনাম

সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা মারা গেছেন

মুন্সীগঞ্জ সংবাদদাতা
সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা মারা গেছেন
মিজানুর রহমান সিনহা।

মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক এবং সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকা অবস্থায় শুক্রবার (১৫ মে) দিবাগত রাত ২টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মরহুমের মেয়ে তাসনিম সিনহা সামাজিক যোগাযোগমাধ্যমে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, মিজানুর রহমান সিনহা ১৯৪৩ সালের ১৮ আগস্ট মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের ডহুরী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে ব্যবসায় স্নাতক সম্পন্ন করেন।

সিনহা ১৯৬৪ সালে হাবিব ব্যাংক লিমিটেডে চাকরির মাধ্যমে নিজ কর্মজীবন শুরু করেন। তার পিতার মৃত্যুর পর ১৯৭৫ সালে তিনি পিতার প্রতিষ্ঠিত একমি গ্রুপে যোগদান করেন। ১৯৮৩ সাল থেকে তিনি গ্রুপটির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পালন করছেন।

মিজানুর রহমান সিনহা ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে যুক্ত ছিলেন। সরকারি তোলারাম কলেজে অধ্যয়নকালে তিনি ছাত্র ইউনিয়নের প্রার্থী হিসেবে ছাত্র সংসদ নির্বাচনে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। ১৯৯০ সালে তিনি বিএনপিতে যোগ দেন। পরবর্তীতে মিজানুর রহমান সিনহা বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ হিসেবে ২২ জানুয়ারি ২০২০ পর্যন্ত দায়িত্ব পালন করেন।

মুন্সীগঞ্জ-২ আসন থেকে বিএনপির মনোনয়নে ১৯৯৬ সালে সপ্তম ও ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন মিজানুর রহমান সিনহা। ২০২৫ সালে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সর্বশেষ তিনি মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান।

/এফআর/