শিরোনাম

গুলশানে আওয়ামী লীগের মিছিলের ঘটনায় গ্রেপ্তার আরও ৪০

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
গুলশানে আওয়ামী লীগের মিছিলের 
ঘটনায় গ্রেপ্তার আরও ৪০
রাজধানীর গুলশানে শুক্রবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করে।

ঢাকার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল করার ঘটনায় আরও ৪০ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, ‘মিছিলে অংশগ্রহণকারী’ ৪০ জনকে শনিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। তবে ওই বার্তায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নাম-পরিচয় জানানো হয়নি।

এর আগে শনিবার মিছিলে ‘সরাসরি অংশগ্রহণকারী’ ৩২ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছিল পুলিশ। এর ফলে গুলশানের ওই মিছিলের পরে সর্বমোট ৭২ জনকে গ্রেপ্তার করা হলো।

শুক্রবার দুপুরে গুলশান-১ এলাকায় আওয়ামী লীগের কয়েক শ নেতাকর্মীর অংশগ্রহণে একটি মিছিল বের হয়। পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীরা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মিছিলের কয়েকটি ভিডিওতে দেখা গেছে, কয়েকশ মানুষ ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছেন।

মিছিলের সময়ই ঘটনাস্থল থেকে পাঁচটি তাজা ককটেলসহ দুইজনকে আটকের তথ্য দিয়েছিল পুলিশ। একইদিন এই মিছিলের ঘটনায় গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়।

শনিবার পুলিশ জানিয়েছিল, ঘটনাস্থল থেকে দুইজনসহ মোট ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এই ঘটনায় গ্রেপ্তার ২৪ জনকে শনিবার আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিনের রিমান্ড চান মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই রুহুল আমিন। বিচারক তাদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

/বিবি/