শিরোনাম

এনওসি বাধ্যতামূলকের নির্দেশ প্রত্যাহার অ্যাটকোর

সিটিজেন ডেস্ক
এনওসি বাধ্যতামূলকের নির্দেশ প্রত্যাহার অ্যাটকোর

টেলিভিশন চ্যানেলের কর্মীদের চাকরি পরিবর্তনের ক্ষেত্রে অনাপত্তিপত্র (এনওসি) বাধ্যতামূলক করে জারি করা নির্দেশনাটি প্রত্যাহার করেছে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)। সোমবার (১৮ মে) সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে আগের দেওয়া সিদ্ধান্তটি প্রত্যাহারের কথা জানানো হয়।

অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রবিবার (১৭ মে) সংগঠনের পক্ষ থেকে ভুলবশত অনাপত্তিপত্র সংক্রান্ত যে জরুরি বিজ্ঞপ্তিটি (স্মারক নং: অ্যাটকো/অনাপত্তিপত্র/০৩/২৬) জারি করা হয়েছিল, তা প্রত্যাহার করা হলো।

এর আগে, দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতে কর্মরত সংবাদকর্মী ও কর্মকর্তা-কর্মচারীদের চাকরি পরিবর্তনের বিষয়ে কঠোর নিয়ম জারি করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল অ্যাটকো। সেখানে উল্লেখ করা হয়েছিল, কোনো টেলিভিশন চ্যানেলে কর্মরত থাকা অবস্থায় কিংবা প্রতিষ্ঠান থেকে অব্যাহতি নেওয়ার পরও যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র (এনওসি) ছাড়া অন্য কোনো গণমাধ্যমে চাকরি নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। এ নির্দেশনা জারির পর সংবাদকর্মীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হলে মাত্র একদিনের ব্যবধানে সিদ্ধান্তটি ভুলবশত হয়েছিল উল্লেখ করে তা প্রত্যাহার করে নিলো সংগঠনটি।

/এমএকে/