শিরোনাম

টিভি চ্যানেলে চাকরি বদলে এনওসি বাধ্যতামূলক

সিটিজেন ডেস্ক
টিভি চ্যানেলে চাকরি বদলে এনওসি বাধ্যতামূলক

দেশের টেলিভিশন চ্যানেলগুলোতে কর্মরত সংবাদকর্মী ও কর্মকর্তা-কর্মচারীদের চাকরি পরিবর্তনের ক্ষেত্রে অনাপত্তিপত্র (এনওসি) বাধ্যতামূলক করেছে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)। নতুন এ সিদ্ধান্ত অনুযায়ী, কোনো কর্মী এক টিভি চ্যানেল থেকে অন্য চ্যানেলে যোগ দিতে চাইলে তাকে আগের কর্মস্থল থেকে লিখিত ছাড়পত্র বা এনওসি সংগ্রহ করতে হবে।

রবিবার (১৭ মে) জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো কর্মী প্রতিষ্ঠানে কর্মরত থাকা অবস্থায় কিংবা চাকরি ছাড়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনাপত্তিপত্র বা ছাড়পত্র গ্রহণ ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরি নিতে পারবেন না। টেলিভিশন চ্যানেলে নতুন কর্মস্থলে যোগদানের আগে বর্তমান বা সর্বশেষ কর্মস্থল থেকে এনওসি নেওয়া বাধ্যতামূলক বলে উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়, অনাপত্তিপত্র ছাড়াই অন্য প্রতিষ্ঠানে যোগ দিলে তা প্রতিষ্ঠানের নিয়ম লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। এ ধরনের ঘটনায় সংশ্লিষ্ট কর্মীর বিরুদ্ধে প্রতিষ্ঠান আইনগত ব্যবস্থা নিতে পারবে বলেও সতর্ক করা হয়েছে। পাশাপাশি সদস্য চ্যানেলগুলোকে অবিলম্বে এই নির্দেশনা কার্যকর করার আহ্বান জানিয়েছে অ্যাটকো।

তবে সিদ্ধান্তটি প্রকাশের পর গণমাধ্যমকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের প্ল্যাটফর্মে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়েছে। অনেকেই এই সিদ্ধান্তকে কর্মীদের পেশাগত স্বাধীনতার পরিপন্থী বলে মন্তব্য করছেন।

/এমআর/