শাহজালাল বিমানবন্দরের স্টোর ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শাহজালাল বিমানবন্দরের স্টোর ভবনে আগুন
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি স্টোর ভবনে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের তৎপরতা

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটের পাশে একটি স্টোর ভবনে অস্বাভাবিক ধোঁয়া দেখা গেছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কয়েক মিনিটের মধ্যে তা নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভবনটিতে আগুন দেখা না গেলেও হঠাৎ অস্বাভাবিক ধোঁয়া বের হতে দেখা যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা সেখানে গিয়ে ধোঁয়া নিয়ন্ত্রণ করেন।

কেউ কেউ ধারণা করছেন, সিগারেটের আগুন থেকে ধোঁয়ার সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

বিমানবন্দরের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন জানান, ভবনটিতে কোনো আগুন লাগেনি, ধোঁয়ার সৃষ্টি হয়েছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয় এবং ধোঁয়া নিয়ন্ত্রণে আনে। এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

/এফসি/