শিরোনাম

মাঠে থেকে কাজ তদারকির নির্দেশ ডিএনসিসি প্রশাসকের

সিটিজেন ডেস্ক
মাঠে থেকে কাজ তদারকির নির্দেশ ডিএনসিসি প্রশাসকের
ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান। ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) চলমান উন্নয়ন প্রকল্পগুলোর মান নিশ্চিত করতে নির্বাহী প্রকৌশলীদের সরাসরি মাঠে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, সিটি কর্পোরেশনের চলমান কাজের মান নিশ্চিত করতে নির্বাহী প্রকৌশলীদের নিজ নিজ এলাকায় উপস্থিত থেকে কাজের গুণগত মান যাচাই করতে হবে।

আজ সোমবার (৩০ মার্চ) বিকালে নগর ভবনে ঠিকাদারদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন। সভায় চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি, মান ও বাস্তবায়নের গতি নিয়ে আলোচনা হয়।

প্রশাসক বলেন, কোনো প্রকল্পে নিম্নমানের কাজ চোখে পড়লে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে হবে এবং প্রয়োজন হলে পুনরায় কাজ করিয়ে নিতে হবে। উন্নয়নকাজে কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না বলেও তিনি সতর্ক করেন।

তিনি আরও বলেন, ডিএনসিসি ও ঠিকাদারদের মধ্যে সমন্বয় বাড়ানো জরুরি। সবার অংশগ্রহণে একটি আধুনিক, বাসযোগ্য শহর গড়ে তোলাই লক্ষ্য। কাজের ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য করা হবে না এবং অন্যান্য সিটি কর্পোরেশনের তুলনায় ডিএনসিসিকে এগিয়ে রাখতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

ঠিকাদারদের উদ্দেশ্যে প্রশাসক বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই সব প্রকল্প শেষ করতে হবে। নির্ধারিত সময়সীমা অতিক্রম করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সভায় জানানো হয়, বর্তমানে ডিএনসিসির আওতায় ৩৪৮টি উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। এসব প্রকল্পের মধ্যে ২১৫.৬৫ কিলোমিটার সড়ক, ২১৫.১৩ কিলোমিটার নর্দমা এবং ৬৭.৫৯ কিলোমিটার ফুটপাত নির্মাণ বা উন্নয়ন কাজ বাস্তবায়নাধীন।

এ সময় বিভিন্ন ঠিকাদার কাজ বাস্তবায়নে নানা সমস্যার কথা তুলে ধরেন এবং সেগুলো সমাধানে সিটি কর্পোরেশনের সহযোগিতা কামনা করেন।

সভায় ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসানসহ সংস্থাটির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এমআর/