শিরোনাম

ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া

একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) মধ্যরাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ি বহর অপেক্ষমান ছিল শহীদ মিনার প্রাঙ্গনে। রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন করার পর প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ মিনারের বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন।

প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর শহীদ মিনার প্রাঙ্গনে শহীদদের জন্য দোয়া করা হয়।

পরে মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় শহীদদের। জিয়া পরিবারের পক্ষ থেকেও শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এরপর তিন বাহিনীর প্রধানরা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।

তাদের পর বিরোধী দলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহসহ অন্যরা।

/টিই/