শিরোনাম

বেসরকারি চাকরিজীবীরাও পাবেন পেনশন সুবিধা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
বেসরকারি চাকরিজীবীরাও পাবেন পেনশন সুবিধা
প্রতীকী ছবি

বেসরকারি খাতের চাকরিজীবীদের সামাজিক ও আর্থিক নিরাপত্তা জোরদারের উদ্যোগ নিয়েছে সরকার। সেই লক্ষ্যে সর্বজনীন পেনশন ফান্ডের আওতায় অংশগ্রহণকারীদের অবসর গ্রহণকালে মোট অর্থের ৩০ শতাংশ গ্র্যাচুইটি হিসেবে প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকালে জাতীয় সংসদে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই তথ্য জানান।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, আমাদের সামাজিক নিরাপত্তা কর্মসূচির লক্ষ্য হলো সব নাগরিককে জীবনচক্রভিত্তিক পদ্ধতিতে সুরক্ষার আওতায় আনা, যাতে দারিদ্র্য হ্রাস পায়, বৈষম্য কমে এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত হয়। এই কাঠামোর মূল দর্শন হলো অর্থনৈতিক ক্ষমতায়ন ও স্বনির্ভরতা অর্জন। সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে আমরা একটি বৈষম্যহীন, মানবিক ও কল্যাণভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে চাই। এ লক্ষ্যে সরকার বেশকিছু কার্যক্রম গ্রহণ করেছে।

এদিন সংসদে বিকেল ৩টা ৬ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে বাজেট বক্তব্য শুরু করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি সামাজিক নিরাপত্তা খাতে ২০২৬-২৭ অর্থবছরে ১ লাখ ৪৪ হাজার ৩৩৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেন। এর মধ্যে, বেসরকারি খাতের কর্মীদের জন্য চালু করা সর্বজনীন পেনশন তহবিলের আওতায় অবসর গ্রহণকালে এককালীন মোট সঞ্চিত অর্থের ৩০ শতাংশ গ্র্যাচুইটি হিসেবে প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি বাস্তবায়িত হলে বেসরকারি চাকরিজীবীরা অবসরের পর নিয়মিত পেনশনের পাশাপাশি এককালীন একটি উল্লেখযোগ্য অর্থ হাতে পাবেন। ফলে বেসরকারি চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তায় এই অর্থ সহায়ক ভূমিকা রাখবে।

/এফআর/