আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ দুবাই যুবরাজের

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ দুবাই যুবরাজের
প্রধানমন্ত্রী তারেক রহমান ও দুবাই যুবরাজ শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বড় দুটি প্রতিরক্ষা প্রদর্শনীতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী দুবাই যুবরাজ শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম।

সোমবার (২৬ অক্টোবর) ঢাকাস্থ ইউএই দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘ইন্টারন্যাশন্যাল ডিফেন্স এক্সিবিশন অ্যান্ড কনফারেন্স’ (আইডিইএক্স ২০২৭) এবং ‘নেভাল ডিফেন্স অ্যান্ড মেরিটাইম সিকিউরিটি এক্সিবিশন’ এর (এনএভিডিইএক্স ২০২৭) অষ্টম সংস্করণে অংশগ্রহণের জন্য এ আমন্ত্রণ জানানো হয়েছে।

আগামী ২৫ থেকে ২৯ জানুয়ারি আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে (এডিএনইসি) প্রদর্শনী দুটি অনুষ্ঠিত হবে।

ইউএই দূতাবাস জানায়, আন্তর্জাতিক প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ দুটি আয়োজন আইডেক্স ও ন্যাভডেক্স। এসব প্রদর্শনীতে স্থল, নৌ ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থার সর্বশেষ প্রযুক্তি, উদ্ভাবন ও অগ্রগতি তুলে ধরা হয়।

এতে প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতের বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের পাশাপাশি সংশ্লিষ্ট শিল্পের বিশেষজ্ঞরাও অংশ নেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতি এ আয়োজনকে সমৃদ্ধ করবে এবং প্রদর্শনী দুটির সাফল্যে অবদান রাখবে বলে আশা প্রকাশ করেছেন শেখ হামদান।

একইসঙ্গে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি তার সর্বোচ্চ শ্রদ্ধা ও গভীর সম্মান জানিয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

/জেএইচ/