শিরোনাম

‘আবু সাঈদের ছবি ছাড়া জুলাইয়ের কোনো ডকুমেন্টারি হতে পারে না’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
‘আবু সাঈদের ছবি ছাড়া জুলাইয়ের কোনো ডকুমেন্টারি হতে পারে না’
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ডকুমেন্টারিতে অনেক ভুল আছে। ডকুমেন্টারিতে তো আবু সাঈদের ছবিই নেই। আবু সাঈদ এই বিপ্লবের প্রতীক। তার ছবি ছাড়া জুলাইয়ের কোনো ডকুমেন্টারি হতে পারে না।

বুধবার (৫ আগস্ট) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে ডকুমেন্টারি প্রদর্শন শেষে এ কথা বলেন তিনি।

ডকুমেন্টারি ও হট্টগোলের প্রসঙ্গ টেনে রাষ্ট্রপতি বলেন, ডকুমেন্টারিতে অনেক ভুল রয়েছে। প্রথম ভুল যেটা দেখেছি, সেখানে আবু সাঈদের ছবি নেই। আবু সাঈদ বিপ্লবের প্রতিচ্ছবি, প্রতীক। তার ছবি না থাকলে এটা কোনো ডকুমেন্টারি নয়। ডকুমেন্টারিতে খালেদা জিয়ার ছবিও নেই। মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী বিষয়টি নিয়ে ক্ষমা চেয়েছেন। এরপর আমাদের শান্ত থাকা উচিত ছিল। এটাকে পুষে রেখে সংসদের মতো ওয়াকআউট করাটা বাঞ্ছনীয় নয়।

তিনি বলেন, আমি লক্ষ্য করেছি সংসদ সদস্য আখতার তার অনুসারীদের প্রশমিত করার চেষ্টা করেছেন। কিন্তু বাংলাদেশে তো নেতাকে সহজে মানে না অনুসারীরা, প্রতি মুহূর্তেই তারা যে নেতার চেয়ে বড়- এটা প্রমাণ দেওয়ার জন্য মুখিয়ে থাকে। এ কারণে এমন একটি অনুষ্ঠানে এই পরিণতি হলো।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই। এতো অন্যায়, গুম-খুন, নির্যাতন, আয়নাঘর, মানিলন্ডারিং এসব কিছুতে তাদের কোনো লজ্জাবোধ নেই। আবার শেখ হাসিনা বলেছেন, তিনি নাকি ডিসেম্বরে দেশে পদার্পণ করবেন। আমরাও অপেক্ষা করে আছি, আসেন দেশে। দেশে আসেন, দেখা হবে রাজপথে। ২৭ বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছি, এখন ৮২ বছর বয়সে আরেকটা করব বাংলাদেশের জন্য। বাংলাদেশে জনগণের শাসন গণতন্ত্র চিরস্থায়ী করে যাবো আমরা, ইনশাআল্লাহ।

/এসবি/