নিরাপদ খাদ্য নিয়ে ইমাম ও মুয়াজ্জিনদের প্রশিক্ষণ দেবে সরকার: কৃষিমন্ত্রী

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
নিরাপদ খাদ্য নিয়ে ইমাম ও মুয়াজ্জিনদের প্রশিক্ষণ দেবে সরকার: কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ আজ কুমিল্লায় বাংলাদেশ হাফেজ ওয়েলফেয়ার ফাউন্ডেশন আয়োজিত এক সম্মেলনে ভাষণ দিয়েছেন

নিরাপদ ও রাসায়নিকমুক্ত খাদ্য উৎপাদন এবং আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বিষয়ে সচেতনতা বাড়াতে সরকার ইমাম ও মুয়াজ্জিনদের প্রশিক্ষণ দেবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ।

শনিবার (৩ অক্টোবর) কুমিল্লা টাউন হল মাঠে বাংলাদেশ হাফেজ ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এক সম্মেলনে মন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, ‘যেহেতু ইমাম ও মুয়াজ্জিনরা দেশব্যাপী মসজিদগুলোর সঙ্গে যুক্ত, তাই তাঁরা নিজেদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার পাশাপাশি কৃষি ও নিরাপদ খাদ্য উৎপাদন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।’

নিরাপদ ও রাসায়নিকমুক্ত ফসল উৎপাদনের জন্য কৃষিক্ষেত্রে কীটনাশকের অতিরিক্ত ব্যবহার কমানোর ওপর জোর দিয়েছেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, কৃষিতে অতিরিক্ত কীটনাশকের ব্যবহার কমিয়ে নিরাপদ ও বিষমুক্ত ফসল উৎপাদনে গুরুত্ব দিতে হবে। অতীতে কৃষকেরা রাসায়নিক উপকরণের ব্যবহার ছাড়াই নানা ধরনের ফসল উৎপাদন করতেন। সেই অভিজ্ঞতার সঙ্গে আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে পরিবেশবান্ধব কৃষিব্যবস্থা গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, সাধারণত কৃষি কর্মকর্তারা কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ও উৎপাদন পদ্ধতি বিষয়ে নিয়মিত পরামর্শ দেন। এই প্রচেষ্টায় ইমাম ও মুয়াজ্জিনদেরও যুক্ত করা হলে নিরাপদ খাদ্য উৎপাদন-সম্পর্কিত সচেতনতামূলক বার্তা মানুষের কাছে আরও দ্রুত পৌঁছাতে পারবে।

সম্মেলনে হাফেজ মাওলানা মো. তাজুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য দেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা।

অনুষ্ঠানের শেষে মন্ত্রী তৃতীয় হিফজুল কোরআন বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী হাফেজ শিক্ষার্থীদের হাতে বৃত্তির সনদ ও স্মারক তুলে দেন।

/এমআর/