মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বাগেরহাট সংবাদদাতা
বাগেরহাট সংবাদদাতা
মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একদিনের সরকারি সফরে বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটে তিনি মোংলায় পৌঁছান।

এর আগে, এদিন সকাল ৯টায় রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে মোংলার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।

মোংলায় পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম; নৌপরিবহন ও সেতু প্রতিমন্ত্রী রাজীব আহসান; খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলী আসগর লবি এবং খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল।

জানা গেছে, মোংলা বন্দরের উন্নয়ন ও আধুনিকায়নে গুরুত্বপূর্ণ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে রয়েছে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে দুটি কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন।

এ ছাড়া, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইনভেস্ট বাংলাদেশ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে বিনিয়োগ সহযোগিতা নিয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর কর্মসূচি অনুযায়ী, পরবর্তীতে বেলা ১১টা ১৫ মিনিটে মোংলা বন্দর থেকে সড়কপথে বাগেরহাটের হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা হবেন। বেলা ১২টা ৪৫ মিনিটে মাজার জিয়ারত করবেন। এরপর বেলা ১টা ১৫ মিনিটে সড়কপথে খুলনার উদ্দেশে রওনা দেবেন। দুপুর ২টা ১৫ মিনিটে খুলনা সার্কিট হাউসে যাত্রাবিরতি করবেন।

বিকাল ৩টায় তিনি খুলনা জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর সাড়ে ৪টায় হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন। বিকাল ৫টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার তেজগাঁও বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

/এফআর/