শিরোনাম

শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের বলাকা লাউঞ্জে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে মুহূর্তেই লাউঞ্জসহ আশপাশের এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। তবে আগুন বড় আকার ধারণ করার আগেই বিমানবন্দরের কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে আনেন।

শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাত ১টা ৪০ মিনিটের দিকে এ ঘটনাটি ঘটে।

বিমানবন্দর থানার ডিউটি অফিসার এসআই নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত ১টা ৪০ মিনিটের দিকে হযরত শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জের রান্নাঘরে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছিল। পরবর্তীকালে তা দ্রুতই নিয়ন্ত্রণে চলে আসে। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে লাউঞ্জের ভেতরে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এতে সেখানে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়ি পড়ে। অনেকেই দ্রুত নিরাপদ জায়গায় সরে যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন।

ফায়ার সার্ভিসের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, রাত দেড়টার দিকে বলাকা লাউঞ্জের রান্নাঘরে একটি কেবল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। বিমানবন্দরের ভেতরে থাকা ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় বলাকায় যাত্রীসেবা সাময়িকভাবে বন্ধ ছিল বলেও জানান ওই সূত্র।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানার পরিদর্শক আব্দুল কাইয়ুম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বলাকা লাউঞ্জে রান্নাঘরে বৈদ্যুতিক গোলযোগ থেকে ছোট পরিসরে আগুনের সূত্রপাত হয়। পরে কর্মীরা দ্রুতই এটি নিয়ন্ত্রণে আনে।

প্রসঙ্গত, বলাকা লাউঞ্জ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালে যাত্রীদের অপেক্ষা ও বিশ্রামের জন্য ব্যবহৃত হয়। সেখানে যাত্রীদের খাওয়া-দাওয়া ও বিশ্রামসহ বিভিন্ন সুবিধা রয়েছে।

/জেএইচ/