খুলনার খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
খুলনার খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে খান সাইফুলের চিকিৎসা শুরু হয়েছে

খুলনা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।

সম্প্রতি খুলনায় চিকিৎসাধীন অবস্থায় খান সাইফুলের একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীর নজরে আসে। তিনি তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে চিকিৎসার ব্যবস্থাসহ সার্বিক খোঁজ-খবর নেওয়ার নির্দেশ দেন। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত অধ্যাপক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহর তত্ত্বাবধানে খান সাইফুলের চিকিৎসার কার্যক্রম শুরু হয়।

রবিবার (১১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা. মো. নুরুজ্জামান খানের অধীনে সাইফুলের ভর্তি করা হয়। সাইফুলের চিকিৎসা সম্পর্কে ডা. নুরুজ্জামান জানান, আগামী দুই-এক দিনের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হবে এবং সাইফুলের চিকিৎসার কার্যক্রম চলবে।

এসময় আরও উপস্থিত ছিলেন– অ্যানেসথেশিয়া বিভাগের প্রধান অধ্যাপক ডা. এ জেড এম সাইফউদ্দিন, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন (মিথুন), ড্যাবের আইন বিষয়ক সম্পাদক ডা. এম আর হাসান, আবাসিক চিকিৎসক ডা.মো. মাজহারুল ইসলাম, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের আহ্বায়ক ডা. জহিরুল ইসলাম, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান, শেকৃবি ছাত্রদল নেতা শোআইব ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, খান সাইফুল ২০১৩ সালে পুলিশের নির্যাতনের শিকার হয়ে দীর্ঘদিন যাবত অসুস্থতায় ভুগছিলেন। এর মধ্যে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে তার চিকিৎসা করা হয়।

/এফসি/