শিরোনাম

বর্জ্য অপসারণে অবহেলার দায়ে প্রধানমন্ত্রীর নির্দেশে দুই কর্মকর্তা বরখাস্ত

সিটিজেন ডেস্ক
বর্জ্য অপসারণে অবহেলার দায়ে প্রধানমন্ত্রীর নির্দেশে দুই কর্মকর্তা বরখাস্ত
মো. সাদেকুর রহমান (বামে) ও কাজী সালেহ মুস্তানজির (ডানে)। কোলাজ: সিটিজেন গ্রাফিক্স

কোরবানির পশুবর্জ্য অপসারণে দায়িত্ব অবহেলার অভিযোগে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৯ মে) দুপুরে রাজধানীর বিভিন্ন এলাকার বর্জ্য ব্যবস্থাপনা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে অসন্তোষ প্রকাশের পর তিনি এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

সাময়িক বরখাস্ত হওয়া দুই কর্মকর্তা হলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (জোন-৫) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমান (উপসচিব) এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (জোন-১) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির (উপসচিব)।

জানা গেছে, শুক্রবার দুপুর ২টার দিকে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন সড়কের পরিস্থিতি দেখতে বের হন। গুলশানের বাসভবন থেকে রওনা হয়ে তিনি রামপুরা, মালিবাগ, বাসাবো, কমলাপুর, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, ধোলাইখাল, নারিন্দা, বংশাল, গুলিস্তান, শাহবাগ, নিউ মার্কেট, জিগাতলা, ধানমন্ডি, ফার্মগেট, বিজয় সরণি ও মহাখালীসহ বিভিন্ন এলাকার সড়ক ঘুরে দেখেন। পরিদর্শনের সময় হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিনরোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকার রাস্তায় ময়লা জমে থাকতে দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, প্রধানমন্ত্রী রাজধানীর বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং কোরবানির পশুবর্জ্য ব্যবস্থাপনা সরেজমিনে পরিদর্শনের জন্য বের হয়েছিলেন। কয়েকটি স্থানে বর্জ্য অপসারণ না হওয়ায় তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং দায়িত্বহীনতার দায়ে দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে তাৎক্ষণিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করার নির্দেশ দেন। একই সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর এ ঝটিকা পরিদর্শনের সময় গাড়িতে আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক মুহাম্মদ বেলায়েত হোসেন এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ অ্যাডভোকেট মেহেদুল ইসলাম।

/এমএকে/