শিরোনাম

নির্বাচন ও গণভোটে কোনো সংশয় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

খুলনা সংবাদদাতা
নির্বাচন ও গণভোটে কোনো সংশয় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
গণমাধ্যমকর্মীদের সঙ্গে ব্রিফ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংবাদদাতা

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। নির্বাচন ও গণভোটে কোনো সংশয় নেই। নির্বাচনের প্রস্তুতি খুবই ভালো।

বুধবার (৪ জানুয়ারি) খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে গণমাধ্যমকর্মীদের ব্রিফ্রিংকালে উপদেষ্টা এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের দিনসহ আগে ও পরে মোট সাত দিন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়ন থাকবে। নির্বাচনে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। নির্বাচনের পরে কোনো সহিংসতা হবে না বলে আশা উপদেষ্টার।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এবারের নির্বাচনে এক লাখ সেনাবাহিনী, পাঁচ হাজার নৌবাহিনী, চার হাজার কোস্টগার্ড, নেভি সাড়ে তিন হাজার, এক লাখ ৫০ হাজার পুলিশ, ৩৭ হাজার বিজিবি, নয় হাজার র‌্যাব ও পাঁচ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবে। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা, বডি ক্যামেরা, ডগ স্কোয়াড, ড্রোন থাকবে। সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে আমাদের ব্যবস্থাপনায় কোনো কিছুর অভাব নেই।

তিনি আরও বলেন, সাংবাদিকরা সবসময় সহযোগিতা করে থাকেন, একজনও যদি মিথ্যা সংবাদ পরিবেশন করেন, পরিস্থিতি অনেক সময় খারাপের দিকে যেতে পারে।

ব্রিফ্রিংকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, র‌্যাব মহাপরিচালক একেএম শহিদুর রহমান, খুলনা বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ, পুলিশের অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

/এসআর/