শিরোনাম

একুশের চেতনার পরিপন্থী দুর্নীতি এবং ধর্মান্ধতা: টিআইবির নির্বাহী পরিচালক

নিজস্ব প্রতিবেদক
একুশের চেতনার পরিপন্থী দুর্নীতি এবং ধর্মান্ধতা: টিআইবির নির্বাহী পরিচালক
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। ছবি: সংগৃহীত

দুর্নীতি এবং ধর্মান্ধতা একুশের চেতনার পরিপন্থী বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশর (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘নারী, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু, আদিবাসী, প্রতিবন্ধীসহ সব প্রান্তিক জনগোষ্ঠীর সমান অধিকার নিশ্চিত করতে হবে। যারা এই অধিকার হরণ করে, তারা একুশের চেতনার পরিপন্থী আচরণ করে। এমন প্রবণতা আমরা প্রত্যাখ্যান করতে চাই।’

তিনি বলেন, ‘এমন একটা বাংলাদেশ দেখতে চাই যেখানে একুশের চেতনা ধারণ করে সকল মানুষের সমান অধিকার, সহাবস্থান, সাম্য, সামাজিক মর্যাদা, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। এটি হচ্ছে একুশের মূল চেতনা।’

তিনি আরও বলেন, বাংলাদেশের সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা জরুরি; বিশেষ করে ধর্মীয় ও জাতিগত বৈষম্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং তা একুশের চেতনার সঙ্গে সাংঘর্ষিক।

টিআইবির নাম বাংলায় না থাকা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘টিআইবি একটি আন্তর্জাতিক সংস্থা, যার নাম বিশ্বব্যাপী স্বীকৃত। ভাষা আন্দোলনের চেতনা কখনোই অন্য ভাষাকে বর্জনের কথা বলেনি। বরং এটি সব ভাষার মর্যাদা ও চর্চার অধিকারের পক্ষে অবস্থান নিয়েছে। বাংলাদেশেও বিভিন্ন ভাষাভাষী মানুষের বসবাস রয়েছে, তাদের ভাষার অধিকারও সমানভাবে গুরুত্বপূর্ণ।’

তিনি বলেন, ‘আমি মনে করি, সব মানুষের সমান অধিকার এবং নির্বিঘ্নে ভাষা চর্চার পথের অন্তরায়গুলো আমাদের চিহ্নিত করতে হবে। আর এই পথের অন্যতম প্রধান অন্তরায় হচ্ছে দুর্নীতি এবং ধর্মান্ধতা।’

/জেএইচ/